কালীগঞ্জে অপহৃত কলেজছাত্র ঝিনাইদহে উদ্ধার

কালীগঞ্জে মাহাবুব হাসান লিমন (১৮) নামে এক এইচএসসি পরীক্ষার্থী  অপহরণের ৪ ঘণ্টা পর ঝিনাইদহ থেকে উদ্ধার হয়েছে।
 
লিমন কালীগঞ্জ উপজেলার বুজিডাঙ্গা মুন্দিয়া গ্রামের গোলম রব্বানীর ছেলে। সে শহীদ নূর আলী কলেজের বিজ্ঞান বিভাগের ছাত্র। বৃহস্পতিবার সকালে মাহতাব উদ্দিন ডিগ্রি কলেজে কেন্দ্রে জীব বিজ্ঞান দ্বিতীয়পত্রের পরীক্ষা দেয়ার জন্য সকালে মধুগঞ্জস্থ ম্যাচ থেকে বের হয়। কালীগঞ্জ বাসষ্ট্যান্ডে পৌঁছলে অজ্ঞাতরা তাকে প্রাইভেটকারে তুলে নিয়ে যায়। এ সময় তার কাছে থাকা পরীক্ষার প্রবেশপত্র ও রেজিস্ট্রেশন কার্ড ছিড়ে ফেলে।
 
লিমনের বাবা গোলম রব্বানী জানান, লিমন কোন রাজনৈতিক দলের সঙ্গে জড়িত না। বৃহস্পতিবার এইচএসসি পরীক্ষা দিতে যাওয়ার সময় কালীগঞ্জ বাসস্ট্যান্ড থেকে ৩-৪  লোক তাকে প্রাইভেটকারে করে তুলে নিয়ে যায়। পরে তাকে চোখ বেঁধে ঝিনাইদহ শহরে ফেলে রেখে তারা চলে যায়। বিষয়টি কালীগঞ্জ থানায় জানানো হয়েছে।
 
কালীগঞ্জ থানার ওসি আনোয়ার হোসেন জানান, নিখোঁজের পর সকালেই তার বাবা থানাকে অবহিত করেন। পরে অপহরণকারীরা তাকে ঝিনাইদহে ফেলে রেখে গেছে।
 
গত ১ মাসে কালীগঞ্জ থেকে বেশ কয়েকজন ছাত্র অপহৃত হয়েছে। এর মধ্যে ৩ জনের গুলিবৃদ্ধ মৃতদেহ উদ্ধার করা হয়েছে।