ক্যান্সার সচেতনতা সৃষ্টির লক্ষ্যে বাইসাইকেলে ১৭ হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) পৌঁছেছেন ভারতের পশ্চিমবঙ্গের অনির্বাণ আচার্য্য।
সাইকেলে ভারতের ২৪টি রাজ্য এবং নেপাল ঘুরে তিনি বাংলাদেশে এসেছেন। ঘুরেছেন বাংলাদেশ বিভিন্ন বিভাগ, জেলা, উপজেলা। এভাবে ১৭ হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে বৃহস্পতিবার অনির্বাণ খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) এসে পৌঁছান। বৃহস্পতিবার বিকালে তিনি উপাচার্য ড. মোহাম্মদ ফায়েক উজ্জামানের সঙ্গে সাক্ষাৎ করেন।
উপাচার্যকে অনির্বাণ বলেন, তিনি চাকরি করতেন স্কুলে, কিন্তু স্কুলের চাকরি তার ভাল লাগছি না। তাকে তাড়া করছিল ঘাতকব্যাধী ক্যান্সারে আক্রান্তদের পাশে দাঁড়ানোর জন্য। তাই নেমেছেন ক্যান্সার চিকিৎসার ব্যাপারে জনসচেতনতা সৃষ্টির জন্য।
খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান তার এ উদ্যোগের প্রশংসা করেন। তিনি তাকে শুভেচ্ছা জানিয়ে স্মারক হিসাবে বিশ্ববিদ্যালয়ের একটি ক্রেস্ট উপহার দেন। এ সময় রোটারিয়ান মো. আব্দুল কাদের পিন্টু, রোটারিয়ান রেজাউল করিম খান, রোটারিয়ান শেখ ওয়াহিদুজ্জামান ও বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।