রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে একসঙ্গে জন্ম নেয়া পাঁচ সন্তানের মধ্যে তিনজন মারা গেছে।
হাসপাতালের পরিচালক আ স ম বরকতুল্লাহ জানান, বৃহস্পতিবার বিকেল পৌনে ৫টায় দুই ছেলে মারা যায়। এর আগে বুধবার রাত সাড়ে ৩টায় এক মেয়ে মারা যায়। এখন বেঁচে আছে এক ছেলে ও এক মেয়ে। মঙ্গলবার রাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে আরজিনা বেগমের (৩২) পাঁচ সন্তানের জন্ম হয়।
অস্ত্রোপচারকারী চিকিৎসক হাসপাতালের সহকারী অধ্যাপক সিরাজুম মুনিরা ডেইজী জানান, জন্মের পর থেকেই বাচ্চারা রক্তশূন্যতায় ভুগছে। প্রত্যেকের ওজন দেড় থেকে দুই কেজি। অনেক চেষ্টা করেও শেষ পর্যন্ত তিনজনকে বাঁচানো যায়নি। অন্য দুই বাচ্চা এখনো সুস্থ থাকলেও নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।
বিয়ের একযুগ পর ৫ সন্তানের মা হন গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার কিসামত শেরপুর গ্রামের সিরিকুল শেখের স্ত্রী আরজিনা বেগম।