খাগড়াছড়ি জেলার সবচেয়ে প্রত্যন্ত উপজেলা লক্ষ্মীছড়ির দুর্গম পাহাড়ি এলাকার তিনটি ভোটকেন্দ্রে বৃহস্পতিবার সেনাবাহিনীর হেলিকপ্টারযোগে ভোটের প্রয়োজনীয় উপকরণ ও নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের পাঠানো হয়েছে।
সেনাবাহিনীর লক্ষ্মীছড়ি জোনের এ্যাডজুট্যান্ট ক্যাপ্টেন জাওয়াদ বলেন, লক্ষ্মীছড়ি সদর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের শুকনাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, বর্মাছড়ি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের হাজাছড়ি ইউনিসেফ পাড়া কেন্দ্র ও ৯ নম্বর ওয়ার্ডের পেক্কুয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বৃহস্পতিবার সকাল ১০টায় হেলিকপ্টারযোগে ভোটের ব্যালট পেপার, ব্যালট বক্সসহ প্রয়োজনীয় সকল সরঞ্জামসহ নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার ও পুলিশ ফোর্স পাঠানো হয়।
জানা যায়, উপজেলা সদর হতে শুকনাছড়ি কেন্দ্রের দূরত্ব প্রায় ১৮ কিলোমিটার, পেক্কুয়াপাড়া কেন্দ্র ২৫ কিলোমিটার এবং হাজাছড়ি কেন্দ্র ৩০ কিলোমিটার দূরে অবস্থিত। এ কেন্দ্রগুলোতে যাতায়তের জন্য রাস্তা না থাকায় হেলিকপ্টার ব্যবহার হয়েছে।
এদিকে, লক্ষ্মীছড়ি উপজেলার তিনটি ইউনিয়নের ২৭টি ভোট কেন্দ্রের মধ্যে ২০টি কেন্দ্রই ঝুঁকিপূর্ণ হিসাবে চিহ্নিত করা হয়েছে।
লক্ষ্মীছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রকিব সাংবাদিকদের বলেন, ঝুঁকিপূর্ণ হিসাবে চিহ্নিত কেন্দ্রগুলোতে অতিরিক্ত ফোর্স মোতায়েন থাকবে।