বিজেপি নেতা ও অভিনেত্রী রূপা গাঙ্গুলির প্রতি ইঙ্গিতপূর্ণ মন্তব্য করার পর ক্ষমা চেয়েছেন পশ্চিমবঙ্গের তৃণমূল দলের (টিএমসি) রাজ্জাক মোল্লা। রূপাকে 'সত্যিকারে দ্রৌপদী' ও তার ধূমপানের অভ্যাস নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের পর চাপে পড়ে তিনি ক্ষমা চাইলেন। গত সপ্তাহে টেলিভিশনে দেয়া সাক্ষাত্কারে তিনি ওই মন্তব্য করেছিলেন।
চলতি বছরের ফেব্রুয়ারিতে দলবদল করে তৃণমূলে যোগ দেয়া রাজ্জাক মোল্লা বলেন, রূপা গাঙ্গুলির বিরুদ্ধে এ ধরনের মন্তব্য করা উচিত হয়নি। এজন্য তিনি দুঃখ প্রকাশ করে বলেন, বিষয়টির জন্য আমি ক্ষমাপ্রার্থী।
রাজ্জাক মোল্লার এই মন্তব্য নিয়ে জাতীয় পর্যায়ের অনেক নেতাও প্রতিক্রিয়া ব্যক্ত করেন। এমনকি তৃণমূলের মুনমুন সেনও এর সমালোচনা করে বলেন, রাজ্জাক মোল্লা হয়তো তার মার্কসবাদী আদর্শকেই বিশ্বাস করেন না।
রূপা গাঙ্গুলি বলেন, বাম সরকারের সময়ে মন্ত্রী থাকাকালে রাজ্জাক মোল্লা এভাবে তাকে আরো আক্রমণ করে সস্তা জনপ্রিয়তা পাওয়ার চেষ্টা করেছিলেন। এর মাধ্যমে এটাই বুঝা যাচ্ছে তৃণমূল নেত্রী এবং তার দল কীভাবে পশ্চিমবঙ্গে নারীদের দেখছেন। সূত্র: এনডিটিভি