সারিয়াকান্দিতে নদী থেকে বালু উত্তোলন ঝুঁকিতে জোড়গাছা সেতু

সারিয়াকান্দি উপজেলার বাঙালি নদীর বিভিন্ন পয়েন্ট থেকে অবৈধভাবে বালু উত্তোলন হচ্ছে।
 
উপজেলার নারচী ইউনিয়নের গণকপাড়া, পৌর এলাকার হিন্দুকান্দি, সদর ইউনিয়নের পাইকপাড়া, কুতুবপুর ইউনিয়নের মাছিরপাড়া, ডোমকান্দি ভেলাবাড়ী ইউনিয়নের ভেলাবাড়ি ও  জোড়গাছা বাঙালি নদীর ব্রিজের নিচ থেকে শ্যালো ইঞ্জিন চালিত মেশিন বসিয়ে অবাধে বালু উত্তোলন করা হচ্ছে। এতে হুমকিতে পড়েছে ৬ কোটি ব্যয়ে নির্মিত ২৮০ মিটার দীর্ঘ জোড়গাছা সেতু।
 
সেতুটি ভেঙে পড়লে গাবতলী-ধুনট ও সারিয়াকান্দি উপজেলার সঙ্গে দক্ষিণ অঞ্চলের লক্ষাধিক মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়বে। বালু উত্তোলনের ফলে বড় বড় গর্তের সৃষ্টি হয়ে নদীর পার ভেঙে ফসলি জমিতে ভাঙন দেখা দিয়েছে। বিলীন হয়ে যাচ্ছে বোরোর ফসলি জমি। হুমকিতে পড়েছে রাস্তাসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনা।
 
ভেলাবাড়ি ইউনিয়নের জোড়গাছা সেতুর ৫ মিটার দূর হতে ওই এলাকার কতিপয় প্রভাবশালী বোমা মেশিন বসিয়ে দীর্ঘদিন ধরে বালু উত্তোলন করছে। এছাড়াও সেতুর অদূরে আরো ১৫টি ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করা হচ্ছে। সেখানে আশপাশের পাকা বোরো ধানের ফসল নদীতে বিলীন হয়ে যাচ্ছে।
 

উপজেলা নির্বাহী অফিসার মো. মনিরুজ্জামান জানান, কবে থেকে বালু উত্তোলন হচ্ছে বিষয়টি আমার জানা নেই। তবে অবৈধভাবে বালু উত্তোলন করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।