নেত্রকোনা শহরের সাতপাই বড় রেলস্টেশন সংলগ্ন সড়কের পাশে বৃহস্পতিবার গভীর রাতে সংঘটিত অগ্নিকাণ্ডে ৭টি দোকান-ঘর ভস্মিভূত হয়েছে। নেত্রকোনা অগ্নিনির্বাপক বাহিনী দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে একটি দোকানে রাখা ৪টি ব্যাটারি চালিত অটো রিকসা সম্পূর্ণরূপে ভস্মিভূত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত আড়াইটার দিকে ২টি দোকান থেকে আগুনের লেলিহান শিখা দেখা গেলে লোকজন চিৎকার শুরু করে। সঙ্গেসঙ্গে দোকান ঘরগুলো আগুনে জ্বলতে থাকে।
পরে অগ্নিনির্বাপক দল খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নিভায়। তবে কার দোকান থেকে আগুনের সূত্রপাত, তা কেউ বলতে পারেনি। তবে বিদ্যুতের সর্ট সার্কিট থেকে অগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ক্ষয় ক্ষতির পরিমাণ প্রায় কোটি টাকা বলে ধারণা করা হচ্ছে।