খালেদা জিয়ার আবেদনের শুনানি হাইকোর্টের নিয়মিত বেঞ্চে

 
জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার তদন্তকারী কর্মকর্তার পুনরায় সাক্ষ্য ও জেরা এবং তদন্তের নথি তলবের (কেস ডকেট) আবেদন খারিজের আদেশের বিরুদ্ধে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রিভিশন মামলার শুনানি চলতি অবকাশের পর হাইকোর্টের নিয়মিত বেঞ্চে অনুষ্ঠিত হবে।
 
গতকাল বৃহস্পতিবার শুনানির জন্য আবেদন দুটি পেশ করা হলে বিচারপতি মিফতাহ উদ্দিন চৌধুরী ও বিচারপতি খিজির আহমেদ চৌধুরীর অবকাশকালীন ডিভিশন বেঞ্চ নিয়মিত বেঞ্চে উপস্থাপনের পরামর্শ দেন। আদালতে খালেদা জিয়ার পক্ষে আইনজীবী খন্দকার মাহবুব হোসেন, এজে মোহাম্মদ আলী, ব্যারিস্টার এম মাহবুব উদ্দিন খোকন, দুদকের পক্ষে খুরশীদ আলম খান এবং রাষ্ট্রপক্ষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল মনিরুজ্জামান রুবেল উপস্থিত ছিলেন।
 
খুরশীদ আলম খান বলেন, এখন আবেদন দুটি হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় যাবে। এরপর আদালত খোলার পর তা নিয়মিত বেঞ্চে শুনানির জন্য উঠবে। গত রবিবার ঢাকার বিশেষ জজ আদালত-৩-এর বিচারক আবু আহমেদ জমাদার খালেদা জিয়ার দুটি আবেদন খারিজ করে দেন।