আইপিএলে অব্যাহত রয়েছে মুস্তাফিজুর রহমান শো। তার চমকে বিশ্ব ক্রিকেট উদ্ভাসিত হচ্ছে। বৃহস্পতিবার রাতেও তিনি আবার জাদু দেখালেন রাজকোটের সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে। গুজরাট লায়ন্সের বিপক্ষে বল হাতে দারুণ নৈপুণ্য দেখিয়েছেন বাংলাদেশি এই কাটার মাস্টার। ৪ ওভার বোলিং করে ৪.৭৫ ইকোনোমি রেটে দিয়েছেন মাত্র ১৯ রান। তুলে নিয়েছেন একটি উইকেট। দুর্দান্ত এক স্লোয়ারে পরাস্ত করেছেন রবিন্দ্র জাদেজাকে।
সানরাইজার্সদের নিয়ন্ত্রিত বোলিংয়ে নিজেদের প্রথম তিনটি ম্যাচে জয়ী গুজরাটের ইনিংস আটকে থাকল ১৩৫ রানে। অধিনায়ক রায়নার ৫১ বলে ৭৫ রানের ছয়হীন ইনিংসটি ছাড়া দুই অঙ্ক ছুঁতে পেরেছেন আর মাত্র ২ জন লায়ন্স ব্যাটসম্যান। হায়দ্রাবাদের হয়ে ২৯ রানে ৪ উইকেট নিয়ে সেরা বোলিং ভুবনেশ্বর কুমারের।
লক্ষ্য তাড়া করতে নেমে কোনো বেগই পেতে হয়নি ওয়ার্নার-শেখর ধাওয়ানকে। নিজেরা অবিচ্ছিন্ন থেকে ১৩৭ রানের জুটি গড়েছেন। তাতে ৩১ বল হাতে রেখেই জয়ে নোঙর ভিড়িয়েছে হায়দ্রাবাদ। ওয়ার্নার ৯ চারে ৪৮ বলে ৭৪ ও ধাওয়ান ৫ চারে ৪১ বলে ৫৩ রানে ফিরেছেন।
এর আগে ডেভিড ওয়ার্নার যথারীতি মুখস্থ করা অধিনায়কত্বই করলেন। কাটার মাস্টারকে পাওয়ার প্লে'তে করালেন এক ওভার আর বাকিগুলো শেষে। মুস্তাফিজুর রহমানও যথারীতি একই বোলিং করলেন, পাওয়ার প্লে'তে ব্রেন্ডন ম্যাককালামকে নাচালেন, শেষের ওভারগুলোতে অন্যদের। তবে রাজকোটে একটু বেশিই দুর্বোধ্য থাকলেন মুস্তাফিজ। তাতে প্রতিপক্ষ গুজরাট লায়ন্সের সংগ্রহটাও থাকল ধরাছোঁয়ার মধ্যেই।
সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে টস জিতে গুজরাটকে ব্যাটিংয়ে পাঠিয়েছিলেন সানরাইজার্স হায়দ্রাবাদ অধিনায়ক ওয়ার্নার। বোলাররা অধিনায়কের ডাকে ভালোই সাড়া দিলেন। প্রতিপক্ষকে যথারীতি পরাস্ত করলেন মুস্তাফিজও।
নিজের প্রথম ওভারের প্রথম বলে অফকাটারে ম্যাককালামকে পরাস্ত করে শুরু। সদ্য আন্তর্জাতিক ক্রিকেট ছাড়া নিউজিল্যান্ডের সাবেক মারকুটে এই ব্যাটসম্যানকে ওভারের পঞ্চম বলেও বোকা বানালেন মুস্তাফিজ। ম্যাককালামকে ভেল্কি দেখানোর পর নিজের সেরা অস্ত্রকে তুলে রাখলেন ওয়ার্নার।
পরে মুস্তাফিজকে ডাকলেন ইনিংসের শেষদিকে। উইকেটে তখন ফিফটি ছাড়ানো প্রতিপক্ষ অধিনায়ক সুরেশ রায়না মারকুটে মেজাজে। টাইগার তারকা তখনও দুর্বোধ্যই থাকলেন। প্রথম ওভারে ২ রান দিয়েছিলেন। পরে তিন ওভারে দিলেন আর মাত্র ১৭ রান। উইকেট পেলেন ১টি। অফকাটারেই রবীন্দ্র জাদেজার স্ট্যাম্প উপড়েছেন।
নিজের ৪ ওভারে মুস্তাফিজের বলে বাউন্ডারি হয়েছে মাত্র একটি। সেটিও ওয়ার্নারের হাত ফসকে। তাতে নিজেদের প্রথম তিনটি ম্যাচে জয়ী গুজরাটের ইনিংস আটকে থাকল ১৩৫ রানে। অধিনায়ক রায়নার ৫১ বলে ৭৫ রানের ইনিংসটি ছাড়া দুই অঙ্ক ছুঁতে পেরেছেন আর মাত্র ২ জন লায়ন্স ব্যাটসম্যান।
এতে ৪ ম্যাচে ২ জয়ে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের চারে থাকল হায়দ্রাবাদ। গুজরাট ৪ ম্যাচে ৩ জয়ে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়েই থাকল।