রাণী দ্বিতীয় এলিজাবেথের ৯০ তম জন্মদিন উদযাপন করছে ব্রিটেনের জনগণ। এতে দ্য গ্রেট ব্রিটিশ বেক অব উইনার বাংলাদেশি বংশোদ্ভূত নাদিয়াকে সঙ্গে নিয়েই জন্মদিনের কেক কাটলেন রানি দ্বিতীয় এলিজাবেথ।
বৃহস্পতিবার রাজপ্রাসাদ উইন্ডসর ক্যাসেলে নাদিয়ার বানানো কেকের পাশে এসে দাঁড়িয়ে রানি রসিকতা করে নাদিয়াকে জিজ্ঞেস করলেন 'এটি কি কাটবো?' নাদিয়ার সহাস্য উত্তর, 'আমি আশা করছি'।
এরপর নাদিয়াকে পাশে রেখেই তিনস্তরবিশিষ্ট কেকে ছুরি চালালেন রানি। এ সময় উইন্ডসর ক্যাসেলের রাস্তায় দাঁড়ানো হাজারো মানুষের সমাবেশ থেকে রব ওঠে 'হ্যাপি বার্থ ডে টু কুইন'।
কেক কাটার আগে রানি কেকের রং, ডিজাইন ইত্যাদি নিয়ে সংক্ষিপ্ত কথাও বলেন নাদিয়ার সঙ্গে। কেক কাটার পর এক সংক্ষিপ্ত সাক্ষাৎকারে নাদিয়া বলেন, তিনি কখনো ভাবেননি জীবনে এমন সুযোগ আসবে। রানির ৯০তম জন্মদিনের কেক বানানোর ঘটনা অবশ্যই স্মরণীয় হয়ে থাকবে।