লেনোভো, বিকাশমান স্মার্টফোন বাজারের বহুল জনপ্রিয় এক ব্র্যান্ড। প্রতিষ্ঠানটি ধীরে ধীরে বাজারের শীর্ষস্থানীয় ফোন কোম্পানির তালিকায় নিজের জায়গাটা করে নিচ্ছে। অন্যান্য স্মার্টফোন প্রস্তুতকারক প্রতিষ্ঠানের তুলনায় প্রায় অর্ধেক দামের ডিভাইসে প্রিমিয়াম লেভেলের কনফিগারেশন দিয়েই এটা সম্ভব করেছে চীনভিত্তিক এই প্রতিষ্ঠান।
সম্প্রতি ‘ভাইভ পি১ টার্বো’ নামের নতুন স্মার্টফোন আন্তর্জাতিক বাজারে সরবরাহ শুরু করেছে লেনোভো। এর আগে চলতি বছরের শুরুর দিকে স্মার্টফোনটি প্রথম ইন্দোনেশিয়ায় উন্মোচন করে প্রতিষ্ঠানটি।
মাঝারি মূল্যের এ স্মার্টফোনের মূল বৈশিষ্ট্য হলো এতে আছে ৫০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি। মূল্য নির্ধারণ করা হয়েছে ২৭২ ডলার।
স্মার্টফোনটিতে ১০৮০–১৯২০ পিক্সেল রেজ্যুলেশনের ৫ দশমিক ৫ ইঞ্চি ফুল এইচডি আইপিএস ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। এর ডিসপ্লে সুরক্ষায় আছে করনিং গরিলা গ্লাস থ্রি।
৩ গিগাবাইট র্যামের এ স্মার্টফোনে রয়েছে ১ দশমিক ৫ গিগাহার্টজের স্ন্যাপড্রাগন ৬১৫ অক্টা-কোর প্রসেসর। এতে ৩২ গিগাবাইট অভ্যন্তরীণ তথ্য সংরক্ষণের সুবিধা রয়েছে, যা মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে বাড়ানো যাবে। স্মার্টফোনটিতে রয়েছে ১৩ মেগাপিক্সেল রিয়ার ও ৫ মেগাপিক্সেল রেজ্যুলেশনের ফ্রন্ট ক্যামেরা। সূত্র- অ্যান্ড্রয়েড হেডলাইন।