নওগাঁর রাণীনগর উপজেলার একডালা ইউপির উজালপুর গ্রামে প্রায় দেড় হাজার বছর আগের প্রাচীন চারটি বৌদ্ধ বিহারের সন্ধান পাওয়া গেছে। এরই মধ্যে ইতিহাস ঐতিহ্যে সমৃদ্ধ নওগাঁ জেলার বদলগাছি উপজেলার পাহাড়পুর (সোমপুর) বৌদ্ধবিহার, হলুদ বিহার ও ধামইরহাট উপজেলার জগদ্দল বিহারের সন্ধান পাওয়া গেছে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন গবেষক চারটি বিহারের সন্ধান পেয়েছেন। প্রত্নতত্ত্ব অধিদফতরের অনুমতি নিয়ে ব্যক্তি উদ্যোগে প্রথম এই চারটি বিহারের মধ্যে একটিতে এরই মধ্যে খনন কাজও শুরু করা হয়েছে। আর এগুলো সন্ধানের মধ্য দিয়ে জেলার ইতিহাসে নতুন মাত্রা যোগ হবে বলে মনে করছেন ইতিহাসবিদরা।