অভিষেকেই মেহেদীর শতক

 
ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের প্রথম দিনেই নজর কাড়লেন মেহেদী হাসান। নিজের প্রথম ম্যাচে দুর্দান্ত এক শতক হাঁকিয়েছেন এই তরুণ। শুক্রবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে প্রাইম ব্যাংকের বিপক্ষে তিন নম্বরে ব্যাট করতে নেমে ১০৩ রান করেছেন মেহেদী।
 
 গাজী গ্রুপ ক্রিকেটার্সের হয়ে খেলা এই ব্যাটসম্যান ৮৯ বলে ১০৩ রান করেন। যাতে ছিল ৮টি চার ও ৫টি ছক্কার মার। ৫৮ বলে ছুঁয়েছিলেন অর্ধশতক। পরের পঞ্চাশ করতে লেগেছে মোটে ৩০ বল! রুবেল হোসেনকে হুক করে চার মেরে শতক ছুঁয়েছেন ৮৮ বলে। সেঞ্চুরির পরের বলেই অবশ্য রুবেল হোসেনের বলে এলবিডব্লু হয়ে সাজঘরে ফেরেন মেহেদী।
 
তার সেঞ্চুরির সৌজন্যে ৪ উইকেটে ৩০৩ রান করে ইনিংস শেষ করেছে গাজী গ্রুপ ক্রিকেটার্স। এনামুল হক ৬৭ ও শামসুর রহমান ৫৬ রান করেছেন। তাদের ওপেনিং জুটিতেই আসে ১১৩ রান।