আজ শনিবার (২৩ এপ্রিল) দিনাজপুরের খানসামা উপজেলার ছয়টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। ৫৪টি ভোট কেন্দ্রের ৩৮৬টি বুথে ভোট গ্রহণ করা হবে। সবগুলো ভোট কেন্দ্রকেই ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হলেও অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে ৩০টি কেন্দ্রকে। নির্বাচনকে সুষ্ঠু, শান্তিপূর্ণসহ অবাধ ও নিরপেক্ষভাবে ভোট গ্রহণের জন্য সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে।
আজকের নির্বাচনে ছয়টি ইউনিয়নের ১লাখ ২১হাজার ৩৬৩জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করে আগামী পাঁচ বছরের জন্য ৬জন চেয়ারম্যান, ৫৪জন সাধারণ সদস্য (মেম্বার) ও ১৮জন সংরক্ষিত নারী সদস্যা (মহিলা মেম্বার) নির্বাচিত করবেন।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, উপজেলার ছয়টি ইউনিয়নের ৬টি চেয়ারম্যান পদের জন্য ২৫জন, ৫৪টি সাধারণ সদস্য (মেম্বার) পদের জন্য ২১৭জন এবং ১৮টি সংরক্ষিত নারী সদস্যা (মহিলা মেম্বার) পদের জন্য ৬৬জন নারী প্রার্থী আজকের নির্বাচনে প্রতিদ্বন্দ্বী করছেন।
শুক্রবার বেলা ১২টা পর থেকেই ভোটের সামগ্রী কেন্দ্রে কেন্দ্রে পাঠানো শুরু হয়েছে। ভোট গ্রহণের সাথে সংশ্লিষ্টদের উপস্থিতিতে উপজেলা পরিষদ চত্বর মুখরিত হয়ে উঠেছে। আজকের নির্বাচনে ৬টি ইউনিয়নে চেয়ারম্যান পদে যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন তারা হলেন, আলোকঝাড়ি ইউনিয়নে নূর আলম (নৌকা), আসম আতাউর রহমান বাচ্চু (ধানের শীষ), খলিলুর রহমান (আনারস), মাওলানা আনিসুর রহমান (মোটরসাইকেল)।
ভেঁড়াভেড়ী ইউনিয়নে, হাফিজুর রহমান হাফিজ সরকার (নৌকা), সাইয়েদ আহমেদ সেলিম বুলবুল (ধানের শীষ), ক্বারী মাওলানা আব্দুল হক সিরাজী (মোটরসাইকেল), বিপ্লব কুমার সিংহ রায় (আনারস)।
আঙ্গারপাড়া ইউনিয়নে, গোলাম মোস্তফা আহমেদ শাহ্ (নৌকা), আলহাজ্ব আব্দুল জব্বার শাহ্ (ধানের শীষ), কছিমুদ্দিন শাহ্ কাছু (আনারস)।
খামারপাড়া ইউনিয়নে, সাজেদুর রহমান (সাজু) (নৌকা), মোহাম্মদ আলী সরকার (ধানের শীষ), তাজ ফারাজুল ইসলাম চৌধুরী (লাঙ্গল), মোহাম্মদ আলী শাহ্ (আনারস), প্রভাষক আবু বক্কর সিদ্দিক চৌধুরী (মোটরসাইকেল) এবং খালেকুজ্জামান চৌধুরী বুলেট চৌধুরী (ঘোড়া), ক্বারী মাওলানা আব্দুল্লাহ আল কাফি সিদ্দিকী (চশমা), এয়াজউদ্দিন ডেকেরা (অটোভ্যান)।
ভালকী ইউনিয়নে, শফিকুল ইসলাম (নৌকা), আশরাফ আলী খাঁন (ধানের শীষ) ও রবিউল ইসলাম তুহিন (আনারস)।
গোয়ালডিহি ইউনিয়নে, আইনুল হক শাহ্ (নৌকা), সাখওয়াত হোসেন লিটন (ধানের শীষ) ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শাহ্ আব্বাস আরেফিন আহমেদ (আনারস)।
জ্যেষ্ঠ জেলা নির্বাচন কর্মকর্তা নূরুজ্জামান তালুকদার বলেন, আজকের নির্বাচনের জন্য সব ধরনের নিরাপত্তামূলক ব্যবস্থা নেয়া হয়েছে যাতে করে নির্বিঘ্নে ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন।