ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে প্রথম দিনেই মুখোমুখি হয়েছিল তামিম ও মাশরাফি বিন মর্তুজা। আর প্রথমেই মাশরাফির কলাবাগানকে হারের স্বাদ উপহার দেয় তামিমের আবাহনী।
জুবায়ের হোসেনের ঘূর্ণি জাদুতে লিগে শুভ সূচনা করেছে আবাহনী। শুক্রবার ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ৩৩ ওভার ১ বলে ১৪০ রানে গুটিয়ে যায় কলাবাগান। দলকে এত কম রানে বেঁধে রাখায় সবচেয়ে বড় কৃতিত্ব লেগ স্পিনার জুবায়েরের।
১০ ওভারের টানা স্পেলে জুবায়ের উইকেট শিকার শুরু করেন সর্বোচ্চ রান সংগ্রাহক হ্যামিল্টন মাসাকাদজাকে বোল্ড করে। এরপর একে মেহরাব হোসেন জুনিয়র, শরিফুল্লাহ, তানভীর হায়দার, নিহাদুজ্জামান ও আব্দুর রাজ্জাককে ফিরিয়ে দেন তিনি।
২০ বছর বয়সী জুবায়েরের ঘূর্ণিতে বিভ্রান্ত হয়ে দিক হারানো কলাবাগান আর কক্ষপথে ফিরতে পারেনি।
ম্যাচের দ্বিতীয় বলেই সাদমান ইসলামকে লিটন দাসের গ্লাভসবন্দি করে সুরটা বেধে দেন তাসকিন আহমেদ। আরেক পেসার আবুল হাসান ফেরান আরেক উদ্বোধনী ব্যাটসম্যান জসিম উদ্দিনকে।
জুবায়েরে ঘূর্ণিতে এলোমেলো হয়ে পড়া কলাবাগান ঠিক মতো খেলতে পারেনি সাকলাইন সজীবকেও। এই বাঁহাতি স্পিনার ২৫ রানে নেন দুই উইকেট। জবাবে ২৮ ওভার ৩ বলে তিন উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় আবাহনী।