শুরুতেই চ্যাম্পিয়নদের হোঁচট

 
ঢাকা প্রিমিয়ার লিগের প্রথম দিনেই হোঁচট খেল বর্তমান চ্যাম্পিয়ন প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। শুক্রবার গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে ১০৬ রানের বিশাল ব্যবধানে হারে তারা।
 
টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন প্রাইম ব্যাংকের অধিনায়ক শুভাগত হোম। আগে ব্যাটিং পেয়ে ধীরে শুরু করে গাজী গ্রুপ ক্রিকেটার্স। শামসুর রহমান ও এনামুল হক বিজয় ওপেনিং জুটিতে ১১৩ রান তুলতে সমর্থ হন। শামসুর রহমান ৫৬ রান করে সাব্বির রহমানের থ্রোতে রান আউট হয়ে সাজঘরে ফেরেন। উদ্বোধনী জুটি ভাঙ্গার পর এনামুলও বেশিক্ষণ ক্রিজে থাকতে পারেননি। ১০১ বলে চার ৪ ও তিন ছয়ে ৬৭ রানের ইনিংস খেলেন তিনি।
 
এনামুল বিদায় নিলে প্রথমবারের মতো লিস্ট ‘এ’ তালিকাভুক্ত ম্যাচ খেলতে নামেন মেহেদী হাসান। তবে এর আগে জাতীয় লিগে খুলনা ও বিসিএলে দক্ষিণাঞ্চলের হয়ে খেলেছেন ১২টি প্রথম শ্রেণির ম্যাচ। গত ফেব্রুয়ারিতেই প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেকে করেছিলেন ৫১। তৃতীয় ম্যাচেই ঢাকা মেট্রোর বিপক্ষে ১৪০ রানের ইনিংস। সপ্তম ম্যাচে করেছিলেন আরেকটি সেঞ্চুরি।
 
এবার লিস্ট ‘এ’ তে অভিষেকেই সেঞ্চুরি করলেন মেহেদী। শেষ পর্যন্ত ৮৯ বলে ৮ চার ও ৫ ছয়ে ১০৩ রান করে রুবেল হোসেনের বলে সাজঘরে ফিরেন তিনি। তার ইনিংসের ওপর ভর করেই মূলত গাজী গ্রুপ ক্রিকেটার্স ৩০৩ রানের পাহাড় গড়ে। এছাড়া সাঈদ আনোয়ার জুনিয়র ২৭, ফারুক হোসেন ২২* ও অলক কাপালি ১৫* রান করেন।
 
প্রাইম ব্যাংকের বোলারদের মধ্যে রুবেল হোসেন, মোহাম্মদ আজীম ও নাজমুল ইসলাম একটি করে উইকেট নিয়েছেন। ৩০৪ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই হোঁচট খায় প্রাইম ব্যাংক। শ্রীলঙ্কা থেকে উড়িয়ে আনা দিলশান মুনওয়াবিরা ব্যক্তিগত চার রানেই আউট হন। এর অল্প কিছুক্ষণের মধ্যেই ফিরে যান মেহেদী মারুফ(৭)। সাব্বির রহমানের ৩১, তাইবুর রহমানে ৩০, ইয়াসির আলীর ৫৬ এবং রুবেল হোসেন ৪৫ রান শুধু পরাজয়ের ব্যবধানই কমিয়েছে। শেষ পর্যন্ত ৪৬.৩ ওভারেই ১৯৭ রানে গুটিয়ে যায় প্রাইম ব্যাংক। ফলে ১০৬ রানের হার মানতে হয় ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের।