বিষ প্রয়োগে তালাক দেয়া স্ত্রীকে হত্যা করে নিজেও বিষ পান করেছে সাবেক স্বামী বাদল মিয়া। নিহতের নাম মাহমুদা আক্তার (১৯)। বৃহস্পতিবার রাতে আড়াইহাজার উপজেলার মাহমুদপুর ইউনিয়নের কল্যান্দী গ্রামে এই ঘটনাটি ঘটে। নিহত মাহমুদা ঐ গ্রামের জিলানী মিয়ার মেয়ে।
আড়াইহাজার থানার উপপরিদর্শক (এসআই) হাবিব জানান, এক বছর আগে কল্যান্দীর জাইদুল মিয়ার ছেলে দিনমজুর বাদল মিয়ার সাথে মাহমুদা আক্তারের বিয়ে হয়েছিল। পরবর্তীতে সংসারে মিল না হওয়ায় তিন মাস আগে তাদের মধ্যে তালাক হয়ে যায়। ইতিমধ্যে বাদল মিয়া দ্বিতীয় বিয়ে করেন। দ্বিতীয় বউ দেখতে একটু কালো। এই কারনে বাদল প্রথম বউকে ভুলতে পারেনি। সে প্রথম বউয়ের সাথে যোগাযোগ রাখতো।
বৃহস্পতিবার বাদল প্রথম স্ত্রীর কাছে গিয়ে নিজের ভুল স্বীকার করে তাকে নিয়ে পুণরায় সংসার করার প্রতিশ্রুতী দেয়। তখন তালাকপ্রাপ্তা হয়েও সাবেক স্ত্রী মাহমুদা আক্তার বাদলকে ঘরে নিয়ে আদর আপ্যায়ন করে। কিন্তু ঠান্ডা মাথার খুনি বাদলের মনে ছিল প্রতিহিংসা। সে কৌশলে পানীয়ের সাথে বিষ মিশিয়ে প্রথমে মাহমুদাকে পান করায় এবং নিজেও বিষ পান করে। অসুস্থ মাহমুদা ও বাদলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে গভীর রাতে মাহমুদা মারা গেলেও বেঁচে যায় বাদল মিয়া। ঘটনাটি উপজেলায় চাঞ্চল্য সৃস্টি করেছে।
এ ব্যাপারে আড়াইহাজার থানার ওসি সাখাওয়াত হোসেন জানান, ঘটনাটি রহস্যজনক। আসলে দু’জনেই কি আত্মহত্যা করতে চেয়েছিল নাকি সাবেক স্ত্রী মাহমুদাকে হত্যা করে বাদল নাটক সাজিয়েছে, তা স্পস্ট নয়। ময়না তদন্তের পর তা পরিস্কার হবে।