সাইকেল চুরির অভিযোগে এক ব্যাক্তিকে বেধড়ক পিটিয়ে পুলিশে দিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা। শুক্রবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহীদ হবিবুর রহমান হল থেকে হাতে-নাতে ধরে তাকে প্রথমে হলের অতিথি কক্ষে আটকে রাখা হয়। পরে হলের প্রাধ্যক্ষ আসলে তাকে পুলিশে সোপর্দ করা হয়। আটককৃত আরিফুল ইসলাম (২৩) বিশ্ববিদ্যালয় সংলগ্ন মেহেরচন্ডি মধ্যপাড়া এলাকার বাসিন্দা।
সাইকেলের মালিক হিসাববিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী নুর আলম বলেন, হবিবুর রহমান হলের নিচতলায় আমি সাইকেল রাখি। কক্ষ থেকে আমার সাইকেল দেখা যায়। দুপুরে আড়াইটার দিকে দেখি আমার সাইকেলের তালা কেউ ভাঙার চেষ্টা করছে। এ সময় দ্রুত কয়েকজন শিক্ষার্থীকে সাথে নিয়ে হাতে নাতে চোরকে ধরি। পরে তাকে মারধর করে আটকে রাখা হয়।
এদিকে চুরির ঘটনায় ওই ব্যাক্তিকে আটকে রাখার পর হলের প্রাধ্যক্ষ ড. এম এম এক্রাম উল্যাহকে ফোন দেওয়া হলেও তিনি ফোন রিসিভ করেননি বলে অভিযোগ করেন হলের শিক্ষার্থীরা। এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে শিক্ষার্থীরা হলের কক্ষে তালা লাগিয়ে দেয়।
শিক্ষার্থী অভিযোগ করে বলেন, গত দশ দিনে প্রায় ৭/৮টি সাইকেল এই হল থেকে চুরি হয়েছে। আজকের এই ঘটনা ঘটনা ঘটার পরও হল প্রাধ্যক্ষ তিন ঘন্টার মধ্যে ঘটনাস্থলে উপস্থিত হতে পারেননি। একের পর এক এইরকম এইরকম চুরির ঘটনা ঘটলে শিক্ষার্থী জিনিস-পত্রের নিরাপত্তা কোথায়?
হল প্রাধ্যক্ষ ড. এম এম এক্রাম উল্যাহ বলেন, আমি অসুস্থ। আমার মুঠোফোনটা অন্য কক্ষে ছিলো। এজন্য রিসিভ করতে বিলম্ব হয়েছে। তবে আমি ঘটনাস্থলে গিয়েছিলাম।
তবে মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির সাইকেল চোর আটকের বিষয়ে কিছু জানেন না উল্লেখ করে বলেন, 'এ ব্যাপারে থানায় কোনো অভিযোগ আসেনি।'