পীরগঞ্জের ১০ টি ইউনিয়নে ভোট গ্রহণ চলছে

ইউপি নির্বাচনের ৩য় ধাপে ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার ১০ টি ইউনিয়নে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে।
 
শনিবার সকাল আটটা থেকে ভোমরাদহ, কোষারানীগঞ্জ, খনগাঁও, সৈয়দপুর, পীরগঞ্জ, হাজীপুর, দৌলতপুর, সেনগাঁও, জাবরহা ও  বৈরচুনা ইউনিয়নে শুরু হয় ভোটগ্রহণ। ভোট গ্রহণ চলবে বিকাল চারটা পর্যন্ত।
 
পীরগঞ্জ উপজেলার ১০টি ইউপির ভোট কেন্দ্র ৯১টি। এসব ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫৪ জন, কাউন্সিলর পদে ৩৪৮ জন ও মহিলা সংরক্ষিত পদে ১১৪ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
 
প্রতিটি ভোট কেন্দ্রে পর্যাপ্ত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। নাশকতা এড়াতে বিজিবি টহল জোরদার করেছে প্রশাসন। এই রিপোর্ট লেখা পর্যন্ত কোথাও কোনো  অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।