মার্কিন সাময়িকী টাইম চলতি বছরে বিশ্বের প্রভাবশালী ১০০ জনের তালিকা প্রকাশ করেছে। গত বৃহস্পতিবার সাময়িকীটির ওয়েবসাইটে প্রকাশ করা এই তালিকায় রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে শুরু করে অভিনয় শিল্পী, গায়ক, আর্থিক খাতের সফল ব্যক্তি এবং প্রযুক্তি প্রতিষ্ঠানের প্রভাবশালীরা রয়েছেন।
তালিকায় মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং থেকে শুরু করে মার্কিন প্রেসিডেন্ট জন কেরিসহ বিভিন্ন ক্ষেত্রে প্রভাবশালীরা স্থান পেয়েছেন। তালিকা প্রকাশ উপলক্ষে এ বছর টাইম ছয়টি বিশেষ প্রচ্ছদ প্রকাশ করেছে। এই প্রচ্ছদে স্থান পেয়েছেন ভারতের চলচ্চিত্র তারকা প্রিয়াঙ্কা চোপড়া, ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ দম্পতি, আন্তর্জাতিক অর্থ তহবিলের (আইএমএফ) প্রধান ক্রিস্টিনা লাগার্দে, অস্কার বিজয়ী অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিও এবং নিকি মিনাজও।
পাঁচটি শাখা পাইওনিয়ার, টাইটান, আর্টিস্ট, লিডার, আইকন শিরোনামে এই তালিকা প্রকাশ করা হয়। লিডার তালিকায় আছেন ৩১ জন। এদের মধ্যে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন, তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তাইয়েপ এরদোয়ান, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, মার্কিন কংগ্রেসের স্পিকার পল রায়ান, টেড ক্রুজ, ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওঁলাদ, ভারতের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর রঘুরাম রাজন, হিলারি ক্লিনটন, অং সান সু চি, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, ডোনাল্ড ট্রাম্প এবং জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেলসহ অনেকে।
আর্টিস্ট তালিকায় ১৮ জন আছেন যাদের মধ্যে প্রিয়াঙ্কা চোপড়া আছেন। মার্কিন টিভি সিরিজ ‘কোয়ান্টিকো’তে অভিনয় শুরুর পর থেকেই তিনি ব্যাপক পরিচিতি পান এবং বর্তমানে তিনি অভিনেত্রী অভিনয় করছেন হলিউডের ‘বেওয়াচ’ ছবিতে। পাইওনিয়ার শাখায় ২৪ জন, টাইটান শাখায় ১৫ জন যাদের মধ্যে পোপ ফ্রান্সিস, গুগলের প্রধান নির্বাহী সুন্দর পিচাই এবং মার্ক জাকারবার্গ ও তার স্ত্রী প্রিসিলা চ্যান রয়েছেন। আইকন শাখায় আছেন ১৪ জন যাদের মধ্যে রয়েছেন ভারতের টেনিস তারকা সানিয়া মির্জা এবং দ্রুত গতির মানব উসাইন বোল্টের নাম।