নেপালের জ্যেষ্ঠ সাংবাদিক, প্রকাশক ও সম্পাদক কনক মনি দীক্ষিতকে দুর্নীতির অভিযোগে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার নিজের বাড়ি থেকে আটক হওয়া মনি দীক্ষিত হিমাল মিডিয়া গ্রুপের প্রকাশক, যেটি হিমাল সাউথ এশিয়া, নেপালি টাইমস ও নেপালি ভাষায় হিমাল খবর পত্রিকা প্রকাশ করে থাকে।
মনি দীক্ষিত আন্তর্জাতিকভাবে খ্যাত একজন কলামিস্টও। ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশের নামী গণমাধ্যমে তার কলাম ছাপা হয়ে থাকে। শুক্রবার নিজের বাড়ি থেকে ক্ষমতার অপব্যবহার বিষয়ক নেপালি কমিশন তাকে আটক করে।
বিশিষ্ট মানবাধিকার কর্মী মনি দীক্ষিত সাঝা ইয়াতায়াত নামের সরকারি পরিবহন প্রতিষ্ঠানের চেয়ারম্যান। তিনি দায়িত্ব নেয়ার কয়েক মাসের মধ্যে প্রতিষ্ঠানটি লাভের মুখ দেখতে শুরু করেছিল।
বার্তা সংস্থা আইএএনএস জানিয়েছে, নেপালের ক্ষমতার অপব্যবহার বিষয়ক কমিশন (সিআইএএ) মনি দীক্ষিতের অবৈধভাবে অর্জিত সম্পদের তদন্ত করবে। যদিও তাকে আটক করার প্রকৃত কারণটা জানানো হয়নি, তবে কমিশন জানিয়েছে মনি দীক্ষিতের সম্পদের বিবরণ সন্তোষজনক মনে হয়নি তাদের।
পাঁচ মাস আগে কমিশন তার বিরুদ্ধে অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগ করে। এরপর থেকে দীক্ষিত ও কমিশনের মধ্যে লড়াই চলছে। গ্রেফতারের পরে দীক্ষিত বলেছেন, তাকে আটক করাটা আদালতের নির্দেশের অবমাননা। সিআইএএ প্রধান কার্কির সঙ্গে ব্যক্তিগত বিরোধের কারণেই তাকে আটক করা হয়েছে। তিনি বলেন, কার্কির সঙ্গে আমার ইগোর সমস্যা রয়েছে যেটি শুরু হয়েছিল নেপালের পঞ্চায়েত ব্যবস্থার বিষয়ে আমাদের মতদ্বৈধতা নিয়ে। সে এখন আমাকে দুর্নীতির মামলায় ফাঁসাতে চাইছে যা কোনো ভাবেই সফল হবে না।
উল্লেখ্য, নেপালের ক্ষমতার অপব্যবহার বিষয়ক কমিশনের প্রধান হিসেবে কার্কিকে ২০১২ সালে নিয়োগ দেয় নেপালের রাজনৈতিক দলগুলো। এখন তাদের বেশিরভাগই আটক হওয়ার আতঙ্কে ভুগছে। আইএএনএস।