ল্যাপটপ-স্মার্টফোনসহ ১০ প্রযুক্তিপণ্য উন্মোচন করল এসার

১০টি নতুন ডিভাইস উন্মোচন করেছে তাইওয়ানভিত্তিক প্রযুক্তি পণ্য নির্মাতা এসার। এর মধ্যে আছে স্মার্টফোন, ল্যাপটপ, টু-ইন-ওয়ান ল্যাপটপ, ক্রোমবুক, প্রিডেটর গেমিং ডেস্কটপ, ফিটনেস ব্যান্ড।
 
বৃহস্পতিবার নিউইয়র্কে এক ইভেন্টে এ ডিভাইসগুলো উন্মোচন করে এসার। প্রতিষ্ঠানটির নতুন ডিভাইসগুলো শিগগিরই আন্তর্জাতিক বাজারে সরবরাহ শুরু হবে।
 
এসার ‘সুইচ আলফা ১২ টু-ইন-ওয়ান ল্যাপটপ’ উন্মোচন করেছে। এর মূল্য নির্ধারণ করা হয়েছে ৫৯৯ ডলার। আগামী জুন থেকে এ ডিভাইস বিশ্ববাজারে পাওয়া যাবে।
 
লিকুইড জেস্ট প্লাস নামে একটি নতুন স্মার্টফোন উন্মোচন করেছে এসার। এই ডিভাইসটি চলতি বছরের শেষ নাগাদ বাজারে পাওয়া যাবে। এর মূল্য ধরা হয়েছে ২৫০ ডলার।
 
নিউইয়র্কের ইভেন্টটিতে ক্রোমবুক ১৪ উন্মোচন করেছে এসার। ল্যাপটপভিত্তিক ক্রোমবুকের এ সংস্করণের মূল্য নির্ধারণ করা হয়েছে ৩৪৯ ডলার।
 
একই ইভেন্টে প্রিডেটর গেমিং ডেস্কটপ দেখিয়েছে এসার। প্রিডেটর ১৭এক্স এবং জেড১ মনিটর আগামী মাস থেকে চীনের বাজারে সরবরাহ শুরু হবে। ডেস্কটপ কম্পিউটারটির জি১ সংস্করণ জুলাই থেকে স্থানীয় বাজারে পাওয়া যাবে।
 
প্রিডেটর ১৭এক্সের মূল্য ধরা হয়েছে ২ হাজার ৭৯৯ ডলার। অন্যদিকে জি১ এবং জেড১ কার্ভড ডিসপ্লের মূল্য ধরা হয়েছে যথাক্রমে ২ হাজার ৩০০ এবং ৬০০ ডলার।