বেড়ায় ডায়রিয়া: পনের দিনে আক্রান্ত ৩০০

দাবদাহের কারণে পাবনার বেড়া উপজেলায় প্রতিদিনই বাড়ছে ডায়রিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা। গত পনের দিনে প্রায় তিন শ রোগী এ হাসপাতালে চিকিৎসা নিয়েছে বলে জানা গেছে। এদের মধ্যে বেশির ভাগই শিশু। তবে বৃদ্ধসহ বিভিন্ন বয়সের রোগীও রয়েছে। প্রতিদিন এ সংখ্যা বেড়েই চলেছে।
 
এমন পরিস্থিতিতে কলেরা স্যালাইনের পর্যাপ্ত মজুদ নেই। যদিও হাসপাতালে খাবার স্যালাইনের পর্যাপ্ত মজুদ রয়েছে।
 
বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, এ হাসপাতালে প্রতিদিন গড়ে আউটডোর ও জরুরি বিভাগ মিলিয়ে ২০ জন রোগী ডায়রিয়ায় আক্রান্ত হয়ে চিকিৎসা নিতে আসছে। এদের মধ্যে চার-পাঁচজন রোগী ভর্তি হচ্ছেন।
 
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আইয়ুব আলী বলেন, ‘প্রচণ্ড গরমে সাধারণ মানুষ রাস্তার ধারের যেসব শরবত ও লেবু পান করে সেগুলো থেকেও ডায়রিয়া হচ্ছে। এছাড়া এই গরমে যৎসামান্য বাসি খাবার খেলেও ডায়রিয়া হওয়ার আশঙ্কা থাকে।’