ইভটিজিংয়ের প্রতিবাদ : প্রধান শিক্ষককে কুপিয়ে আহত

রাজধানীর আদাবরের শেখেরটেকে এক সন্ত্রাসী স্কুলের প্রধান শিক্ষককে কুপিয়ে গুরুতর আহত করেছে। শনিবার সকাল ১১টায় শেখেরটেকের প্রতিভা ইনস্টিটিউটের সামনে এ ঘটনা ঘটে।
 
গুরুতর আহত প্রতিভা ইনস্টিটিউটের প্রধান শিক্ষক প্রণব কুমার খালেককে (৪০) সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 
আদাবর থানার ওসি জানান, স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছানাউল্লাহর ছেলে রানা স্কুলের সামনে শিক্ষার্থীদের ইভটিজিং করতো। বিষয়টি নিয়ে শিক্ষকদের কাছে অভিযোগ দিলে স্কুল কর্তৃপক্ষ রানাকে স্কুলের সামনে আসতে নিষেধ করে।
 
শনিবার বেলা ১১টার সময় স্কুলের সামনে রানা আড্ডা দিচ্ছিল। এসময় প্রধান শিক্ষক ঘটনাস্থলে এসে তাকে  চলে যেতে নির্দেশ দিলে উভয়ের মধ্যে তর্কবিতর্ক হয়। এক পর্যায়ে রানা ধারালো ছুরি দিয়ে ওই শিক্ষককে কুপিয়ে পালিয়ে যায়।
 
প্রধান শিক্ষকের গাল ও এক হাতে গভীর ক্ষত হয়েছে। এ ঘটনার পর পুলিশ রানাকে আটক করার অভিযানে নেমেছে।