চট্টগ্রাম মহানগরীর সরকারী হাজী মুহাম্মদ মহসিন কলেজে বহিরাগতদের প্রবেশে বাধা দেয়াকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই গ্রুপে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় আহত ছাত্রলীগ কর্মী হানিফ সুমনকে নগরীর একটি বেসরকারি ক্লিনিকে এবং ঐশিক পালকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষের একপর্যায়ে চট্টগ্রাম কলেজে পুলিশ ক্যান্টিন ভাঙচুর করে একটি পক্ষ। তবে ক্যান্টিন ভাঙচুরকারীদের সনাক্ত করতে পারেনি পুলিশ। শনিবার বেলা ১১টা থেকে ১২টার মধ্যে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকালে চারটি মোটর সাইকেলে করে আটজন বহিরাগত মহসিন কলেজে প্রবেশ করার চেষ্টা করে। বিষয়টি পুলিশকে জানালে বহিরাগতরা ক্ষিপ্ত হয়ে হানিফ সুমন নামে এক ছাত্রকে বেধড়ক পিটিয়ে আহত করে। ঘটনাটি জানাজানি হলে মহসিন কলেজ ও পাশের চট্টগ্রাম কলেজের শিক্ষার্থীরা একজোট হয়ে বহিরাগতদের ধাওয়া দেয়। এ সময় এক রাউন্ড গুলির শব্দ পাওয়া যায়। এদিকে, মহসিন কলেজে ঢুকতে না পেরে বহিরাগতরা সামনের রাস্তায় যানবাহন ভাঙচুরের চেষ্টা করে। এরপর তারা পাশের চট্টগ্রাম কলেজে ঢুকে পুলিশ ক্যান্টিন ভাঙচুর করে। এ সময় ঐশিক পাল নামে ছাত্রলীগের আরেক কর্মী আহত হন। তিনি বহিরাগতদের সাথে এসেছিলেন বলে পুলিশ জানায়।