বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আসন্ন নির্বাচন থেকে স্বেচ্ছায় সরে দাঁড়িয়েছেন সভাপতি পদপ্রার্থী নুরুল ইসলাম নুরু। শনিবার শেখ জামাল ক্লাবের সভাপতি মনজুর কাদেরের গুলশান কার্যালয়ে তিনি এ ঘোষণা দেন।
টঙ্গী ক্রীড়াচক্রের সভাপতি নুরুল ইসলাম নুরু একইসঙ্গে ঘোষণা দেন, বাফুফে নির্বাচনে তিনি 'বাঁচাও ফুটবল' প্যানেলের মনোনীত সভাপতি প্রার্থী কামরুল আশরাফ খানকে সমর্থন দেবেন। নুরুল ইসলাম স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন।
তবে মনোয়নপত্র জমাদানের তারিখ শেষ হয়ে যাওয়ায় নির্বাচন থেকে আনুষ্ঠানিকভাবে সরে যাওয়ার কোনও বিধান নেই। নুরুল ইসলাম নুরু বাফুফে নির্বাচন পূববর্তী বাফুফে কংগ্রেসে তার প্রার্থীতা প্রত্যাহারের সিদ্ধান্ত জানাবেন। ডেলিগেটসদের তাকে ভোট দানে বিরত থাকার অনুরোধ করবেন। তবে ব্যালট পেপারে তার নাম অন্তর্ভুক্ত থাকবে।
বাফুফে সভাপতি নিবার্চনে এখন আছেন বর্তমান সভাপতি কাজী সালাহউদ্দীন, নরসিংদীর সংসদ সদস্য কামরুল আশরাফ খান ও গোলাম রাব্বানী হেলাল।