ষড়যন্ত্রকারীর পক্ষে নয়, বিরুদ্ধে অবস্থান নিন: হানিফ

 
লেখালেখি নয়, ষড়যন্ত্রের জন্য শফিক রেহমান ও মাহমুদুর রহমানকে ধরা হয়েছে দাবি করে তাদের বিপক্ষে অবস্থান নেয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহাবুব-উল-আলম হানিফ।
 
শনিবার ঢাকা মহানগর আওয়ামী লীগের দক্ষিণ ও উত্তরের নবনির্বাচিত দুই সাধারণ সম্পাদক সাদেক খান ও শাহে আলম মুরাদকে সংবর্ধনা দিতে রাজধানীর পাবলিক লাইব্রেরির শওকত ওসমান মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে দেয়া বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
 
শফিক রেহমান গত ১০ বছর কোথাও সাংবাদিকতার সঙ্গে যুক্ত ছিলেন না দাবি করে শনিবার এক অনুষ্ঠানে তিনি বলেন, শফিক রেহমানকে কোনো লেখার জন্য গ্রেফতার করা হয়নি। তাকে বঙ্গবন্ধুর দৌহিত্র জয়কে অপহরণ করে হত্যা করার যড়যন্ত্রকারী হিসেবে গ্রেফতার করা হয়েছে। অন্যদিকে কারাবন্দি আমার দেশ’র ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান কোনো দিন সাংবাদিক ছিলেন না দাবি করে হানিফ বলেন, বিএনপি ক্ষমতায় থাকতে তিনি একটি কোম্পানিতে চাকরি করতেন। বিএনপি ক্ষমতা ছাড়ার পর তিনি আমার দেশে বসে ষড়যন্ত্র শুরু করলেন।
 
তিনি আমার দেশে বসে হেফাজতের সাথে ৮০ কোটি টাকা লেনদেন করেছিলেন, সারা ঢাকাকে অচল করে দিতে। তিনি ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিলেন মানুষ হত্যার। এই দুজনের বিচারের পক্ষে দাঁড়ানোর আহ্বান জানিয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হানিফ বলেন, যদি কেউ কাউকে খুনের ষড়যন্ত্রে যুক্ত হন তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা যাবে না?... সাংবাদিক হলে কি আইনের ঊর্ধ্বে? যারা তাদের জন্য মায়া কান্না করছেন তাদের অনুরোধ করব- ষড়যন্ত্রকারী, হত্যা ও খুনের চক্রান্তকারীদের বিরুদ্ধে অবস্থান নেন। তাহলে জনগণের কাছে বার্তা যাবে যে, কেউ চক্রান্তকারীদের সাথে নেই। কিন্তু তাদের পক্ষ নিবেন, এটি জাতি চায় না।