নজরকাড়া দুই স্মার্টফোন উন্মোচন করল জেডটিই

বৈশ্বিক স্মার্টফোন বাজারে সাশ্রয়ী ডিভাইস সরবরাহের মধ্য দিয়ে জমজমাট ব্যবসা করছে চীনের মোবাইল ডিভাইস নির্মাতারা। এই তালিকার স্থান করে নেয়া একটি প্রতিষ্ঠান জেডটিই। স্মার্টফোন বাজারে দৃঢ় অবস্থান তৈরির লক্ষ্য নিয়ে কাজ করছে প্রতিষ্ঠানটি।
 
এরই অংশ হিসেবে সম্প্রতি নতুন দুই স্মার্টফোন উন্মোচন করেছে জেডটিই। জেডটিই ব্লেড এ৯১০ ও ব্লেড ভি৭ ম্যাক্স ডুয়াল সিম নামের এই স্মার্টফোন দুটি আপাতত চীনের বাজারে পাওয়া যাচ্ছে।
 
জেডটিই ব্লেড এ১০ স্মার্টফোনটিতে ২ গিগাবাইট র‍্যাম এবং ১৬ গিগাবাইট অভ্যন্তরীণ সংরক্ষণ সুবিধা রয়েছে। এই ডিভাইসের মূল্য ধরা হয়েছে ২০০ ডলার। পাশাপাশি এর ৩ গিগাবাইট র‍্যাম ও ৩২ গিগাবাইট অভ্যন্তরীণ তথ্য সংরক্ষণ সুবিধার আরেকটি সংস্করণ উন্মোচন করা হয়েছে, যার মূল্য ধরা হয়েছে ২৪০ ডলার।
 
জেডটিই ব্লেড ভি৭ ম্যাক্স ডিভাইসটির ৩ গিগাবাইট ও ৪ গিগাবাইট র‍্যাম সংস্করণের মূল্য ধরা হয়েছে যথাক্রমে ২৭৮ ও ৩০৮ ডলার।
 
অ্যান্ড্রয়েড মার্শম্যালো অপারেটিং সিস্টেমভিত্তিক ডুয়াল সিম সুবিধার ব্লেড ভি৭ ম্যাক্স স্মার্টফোনে ১০৮০–১৯২০ পিক্সেল রেজ্যুলেশনের ৫ দশমিক ৫ ইঞ্চি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। ডিভাইসটিতে কার্ভড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। এতে ১ দশমিক ৮ গিগাহার্টজের অক্টা-কোর প্রসেসর ব্যবহার করা হয়েছে। পাশাপাশি ব্লেড সিরিজের এ স্মার্টফোনে ১৬ মেগাপিক্সেল রিয়ার ও ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা রয়েছে।
 
ডিভাইসটিতে ৩২ গিগাবাইট অভ্যন্তরীণ তথ্য সংরক্ষণের সুবিধা রয়েছে; যা মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে ১২৮ গিগাবাইট পর্যন্ত বাড়ানো যাবে।
 
স্মার্টফোনটি টুজি, থ্রিজি ও ফোরজি এলটিই নেটওয়ার্কের পাশাপাশি ওয়াই-ফাই, ব্লুটুথ, জিপিএস ও ইউএসবি টাইপ-সি সংযোগ সমর্থন করবে।
 
IMG0
 
অন্যদিকে অ্যান্ড্রয়েড ৫.১ ললিপপ অপারেটিং সিস্টেমভিত্তিক ব্লেড এ১০ ডিভাইসে ৭২০–১২৮০ পিক্সেল রেজুলেশনের ৫ দশমিক ৫ ইঞ্চি এইচডি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। এতে ১ দশমিক ৩ গিগাহার্টজের কোয়াড-কোর প্রসেসর আছে। সূত্র- এনডিটিভি।