রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ড. এ এফ এম রেজাউল করিম সিদ্দিকী হত্যার ঘটনায় জড়িত সন্দেহে এক যুবককে আটক করেছে পুলিশ। শনিবার রাতে নগরীতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয় বলে জানিয়েছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার তমিজউদ্দিন সরদার।
আটক যুবককে মহানগর ডিবি কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবদ করা হচ্ছে। তবে তদন্তের স্বার্থে আটক যুবকের নাম পরিচয় জানাননি তিনি। এছাড়া অধ্যাপক রেজাউল হত্যা মামলা তদন্তের দায়িত্ব মহানগর ডিবি পুলিশে স্থানান্তর করা হয়েছে।
রবিবার সকাল ৯টায় উপাচার্যের বাসভবনে হত্যার ঘটনার সার্বিক বিষয় তদারকির জন্য গঠিত ‘মনিটরিং টিম’ রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে আধাঘণ্টা ধরে বৈঠক করে।
ওই বৈঠক শেষে আরএমপি’র অতিরিক্ত কমিশনার ও হত্যার ঘটনার মনিটরিং টিমের প্রধান তমিজউদ্দিন সরদার সাংবাদিকদের বলেন, চাঞ্চল্যকর এ হত্যার ঘটনাকে পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত কাজ চালিয়ে যাচ্ছে। এরই মধ্যে হত্যায় জড়িত সন্দেহে নগরীতে অভিযান চালিয়ে এক যুবককে আটক করেছে পুলিশ। তবে তদন্তের স্বার্থে তার নাম পরিচয় এখনও প্রকাশ কার সম্ভব নয়। মামলাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে অধিকতর তদন্তের জন্য তা এরই মধ্যে ডিবিতে স্থানান্তর করা হয়েছে।
দ্রুতই হত্যায় জড়িতদের গ্রেফতার করতে পারবে বলে আশা প্রকাশ করেন তিনি।
উল্লেখ্য, শনিবার সকাল সাড়ে ৭টার দিকে রাজশাহীর শালবাগান এলাকায় নিজ বাসা থেকে একটু দূরে অধ্যাপক রেজাউলকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা।