গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা ইউপি নির্বাচনে দুই সদস্য প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। মৃত আবুল খসরু (৫০) শ্রীপুর উপজেলার বারতোপা এলাকার বাসিন্দা।
শনিবার রাতে এ ঘটনা ঘটে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। প্রসঙ্গত, উপজেলার আটটি ইউনিয়ন পরিষদে শনিবার নির্বাচন অনুষ্ঠিত হয়।
নিহতের পরিবারের দাবি, প্রতিপক্ষের লোকজনের কিল-ঘুষিতে খসরুর মৃত্যু হয়েছে।
পুলিশের প্রাথমিক ধারণা, হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন।
এলাকাবাসী ও পুলিশ জানায়, রাত সাড়ে আটটার দিকে শ্রীপুরের মাওনা ইউনিয়নের বারতোপা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ফল ঘোষণাকে কেন্দ্র করে দুই সদস্য প্রার্থীর মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় কেন্দ্রের সামনে এক ইউপি সদস্য প্রার্থীর চাচাতো ভাই আবুল খসরু দাঁড়িয়ে ছিলেন। এ সময় তাদের ধাওয়া দিলে দৌঁড়ে পালাতে গিয়ে তিনি পাশের একটি দোকানের কাছে পড়ে গিয়ে অসুস্থ হয়ে যান। পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। শ্রীপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
শ্রীপুর থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আলী জিন্নাহ বলেন, ‘তদন্ত সাপেক্ষে প্রকৃত ঘটনা ঘটনা উন্মোচিত হবে।’