চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয় খুলছে বুধবার

 
শিক্ষার্থীদের দুই পক্ষের সংঘর্ষের পর বন্ধ থাকা চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) বুধবার খুলছে। রবিবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা খলিলুর রহমান জানান এই তথ্য জানান।
 
খলিলুর রহমান বলেন, আজ উপাচার্য অধ্যাপক ড. গৌতম বুদ্ধের সভাপতিত্বে অনুষদগুলোর ডিন ও বিভাগীয় প্রধানদের নিয়ে অনুষ্ঠিত এক সভায় বিশ্ববিদ্যালয় খোলার সিদ্ধান্ত নেয়া হয়। বুধবার থেকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম শুরু হবে, সোমবার থেকে ছাত্রাবাসগুলো খুলে দেয়া হবে।
 
অধ্যাপক গৌতম বুদ্ধ বলেন, ভেটেরিনারি মেডিসিন অনুষদের পাঁচজন এবং ফিশারিজ অনুষদের তিনজনসহ মোট আট শিক্ষার্থীর ছাত্রাবাসে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। ঘটনার সঙ্গে তাদের সংশ্লিষ্টতা থাকায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। পরে তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
 
গত ১১ এপ্রিল ক্রিকেট খেলা নিয়ে বিশ্ববিদ্যালয়ের দুই অনুষদের শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। এর জের ধরে পরদিন সংঘর্ষে দুই ছাত্রীসহ কয়েকজন আহত হলে সেদিনই অনির্দিষ্টকালের জন্য সিভাসু বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ।