আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে দুপক্ষের সংঘর্ষ, নিহত ১

ভারতের আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় বিশ্ববিদ্যালয়টির এক সাবেক ছাত্র নিহত হয়েছেন। শনিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে এনডিটিভি।
 
আলিগড় রেঞ্জের জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা গোবিন্দ আগারওয়াল পিটিআইকে জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়ের মুমতাজ হলের এক ছাত্রকে লাঞ্ছিত করে তার কক্ষে আগুন ধরিয়ে দিলে ঘটনার সূত্রপাত হয়। ওই ছাত্র অভিযোগ দাখিল করতে প্রক্টরের কার্যালয়ে হাজির হয়। এ ঘটনা ছড়িয়ে পড়লে ছাত্রদের প্রতিদ্বন্দ্বী দুটি  পক্ষের শিক্ষার্থীরা জড়ো হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
 
প্রক্টর কার্যালয়ের সামনে এ সংঘর্ষের সময় দুপক্ষ পরস্পরকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে। এ সময় ওই ছাত্র গুলিতে নিহত হয় বলে জানিয়েছে পুলিশ। ছাত্ররা একটি জিপে ও কয়েকটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করে। এরপর তারা প্রক্টর অফিসেও আগুন ধরিয়ে দেয়। 
 
আলিগড় বিশ্ববিদ্যালয়ের জন সংযোগ কর্মকর্তা রাহাত আবরার এনডিটিভিকে জানিয়েছেন, পরিস্থিতি শান্ত রয়েছে এবং ঘটনার বিষয়ে একটি তদন্ত শুরু করা হয়েছে। আহতদের দিল্লির গঙ্গারাম হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান তিনি। বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা পরিস্থিতি কড়াকড়ি করে সেখানে র‌্যাপিড অ্যাকশন ফোর্স (র‌্যাফ) মোতায়েন করা হয়েছে বলে জানা গেছে। এনডিটিভি।