ঝুঁকিতে ফেসবুক, গুগলের সদর দফতর

 
বন্যায় তলিয়ে যাওয়ার ঝুঁকিতে রয়েছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সিলিকন ভ্যালিতে অবস্থিত ফেসবুক গুগল ও সিসকোর সদর দফতর। আবহাওয়া বিজ্ঞানীরা এমন আশঙ্কার কথা জানিয়েছেন বলে আইএএনএসের প্রতিবেদনে বলা হয়েছে।
 
বিজ্ঞানীরা বলছেন, বিশ্বব্যাপী উষ্ণতা বৃদ্ধির ফলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ছে। আর এর ফলে সাগরের কাছে অবস্থিত সদর দফতরগুলা জলোচ্ছাসে প্লাবিত হওয়ার আশঙ্কায় রয়েছে।
 
ফেসবুকের সদর দফতর সান ফ্রান্সিসকো বে’র অনেক বেশি কাছে অবস্থিত।
 
ক্যালিফোর্নিয়ার সাগর সংরক্ষণ ও উন্নয়ন কমিশনের জ্যেষ্ঠ পরিকল্পনাবিদ লিন্ডি লো বলেন, ফেসবুকের সদর দফতরটি সবচেয়ে বেশি ঝুঁকিতে আছে। কেননা এটি খুবই নিচু এলাকায় নির্মাণ করা হয়েছে। ১.৬ ফুট উচ্চতার জলোচ্ছাসেও তাদের নিজেদের রক্ষা করা কঠিন হয়ে দাঁড়াবে।
 
তবে মাউন্টেন ভিউতে অবস্থিত সার্চ ইঞ্জিন গুগল ও স্যান জোসে অবস্থিত প্রযুক্তিবিষয়ক প্রতিষ্ঠান সিসকোর সদর দফতরে ক্ষতি কিছুটা কম হতে পারে।
 
এছাড়াও সাগর এলাকায় প্রায় ১০০ বিলিয়ন ডলারের বাণিজ্যিক ও আবাসিক সম্পত্তি রয়েছে যা সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়লে বা ঝড় হলে ঝুঁকিতে পড়বে।