রাজধানীর মিরপুরে বিকাশকর্মীকে গুলি করে ৫ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। আজ রবিবার দুপুর ১২টার দিকে মিরপুর কমার্স কলেজের পাশে চেতনা স্কুলের সামনে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ বিকাশকর্মী আজিজুল হাকিম সুমনকে (২৮) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার ডান উরুতে একটি গুলি বিদ্ধ হয়।
গাবতলীর বাগবাড়ি এলাকার বিকাশের এজেন্ট শুভ ইন্টারন্যাশনালের মেনেজার জামিল হোসেন জানান, তার প্রতিষ্ঠানের কর্মী সুমন বিভিন্ন প্রতিষ্ঠান থেকে টাকা সংগ্রহ করে চেতনা স্কুলের সামনের রাস্তা দিয়ে যাচ্ছিলেন। এ সময় চারজন ছিনকাইকারী হেঁটে এসে তাকে ঘিরে ধরে। কিছু বলার আগেই ছিনতাইকারীরা সুমনের উরুতে পিস্তল ঠেকিয়ে গুলি করে। সুমন রাস্তায় পড়ে গেলে তার ঘারে থাকা ব্যাগ নিয়ে তারা দ্রুত পালিয়ে যায়। ধারণা করা হচ্ছে ব্যাগে চার থেকে পাঁচ লাখ টাকা থাকতে পারে।