ম্যান সিটির বিপক্ষে ফিরছেন রোনালদো

চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের লড়াইয়ের আগে একটি সুখবর পেল রিয়াল মাদ্রিদ। ম্যানচেস্টার সিটির বিপক্ষে মাঠে থাকছে তাদের সেরা তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। রোনালদোর ইনজুরি থেকে সেরে উঠার  খবর নিশ্চিত করেছেন রিয়াল কোচ জিনেদিন জিদান।
 
আগামী মঙ্গলবার  সেমির প্রথম লেগে ম্যানসিটির মাঠে নামবে রিয়াল। ইতিহাদ স্টেডিয়ামে বাংলাদেশ সময় দিবাগত রাত পৌনে ১টায় হাইভোল্টেজ ম্যাচটি শুরু হবে।
 
এর আগে রায়ো ভায়োকানোর বিপক্ষে রোনালদোর অনুপস্থিতি ভালোই টের পায় রিয়াল মাদ্রিদ। ৩-২ গোলের কষ্টার্জিত জয় তো সেটিই প্রমাণ করে।
 
ভিয়ারিয়ালের বিপক্ষে ৩-০ গোলে জয়ের রাতে ঊরুতে সামান্য চোট পান পর্তুগিজ অধিনায়ক। তবে ইনজুরি কাটিয়ে রোনালদো ফিরলেও পরবর্তী ম্যাচে করিম বেনজেমার খেলা নিয়ে সংশয় রয়েছে।
 
রোনালদো ও বেনজেমার ব্যাপারে জিদান বলেন, ‘ম্যানসিটির বিপক্ষে খেলতে রোনালদো দলের সঙ্গে যাবে। বেনজেমার ইনজুরির অবস্থা মূল্যায়ন করা কবে। আশা করছি, এটা কিছুই না এবং মঙ্গলবারের ম্যাচে সে খেলতে সক্ষম। কিন্তু এ মুহূর্তে কিছুই বলা যাচ্ছে না।’