ফ্রান্সে আরেকটা শিরোপা পিএসজির

লিলেকে ২-১ গোলে হারিয়ে কাপ ডি লা লিগার শিরোপা জিতলো প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)।  পিএসজির হয়ে গোল দুটি করেন আর্জেন্টিনা জাতীয় দলের তারকা জাভিয়ার পাস্তোরে ও অ্যাঙ্গেল ডি মারিয়া। এ নিয়ে চলতি মৌসুমে ঘরোয়া দুটি শিরোপা জিতলো লরা ব্লার শিষ্যরা।
 
শনিবার রাতে পিএসজির মাঠ স্টেট ডি ফ্রান্সে ফাইনালে মুখোমুখি হয় দু’দল। তবে ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলতে থাকে স্বাগতিকরা। এরই ধারাবাহিকতায় ম্যাচের ৪০ মিনিটে ২০ গজ দুর থেকে দুর্দান্ত এক ভলিতে দলের লিড এনে দেন পাস্তোরে।
 
পরে খেলার ৪৯ মিনিটেই ডিজিবরিল সিদিবের গোলে সমতায় ফেরে লিলে। খেলা তখন চলছিল সমানে সমান। এদিকে ম্যাচের ৭০ মিনিটে ১০ জনের দলে পরিণত হয় পিএসজি। আদ্রিয়েন রাবিয়ট ৪৭ মিনিটে হলুদ কার্ড পাওয়ার পর আবারও ফাউল করলে রেফারি তাকে লাল কার্ড দেখিয়ে মাঠ ছাড়া করেন।
 
একজন কম নিয়েও লড়াই করতে থাকে স্বাগতিকরা। ৭৪ মিনিটে লিডও পেয়ে যায়। আর্জেন্টাইন তারকা ডি মারিয়ার গোলে এগিয়ে যায় জাতান ইব্রাহিমোভিচরা। এই গোলটিই হয়ে দাঁড়ায় ম্যাচের নির্ণায়ক।
 
মৌসুমে আরেকটা শিরোপা পায় পিএসজি।