রাবি শিক্ষক হত্যার প্রতিবাদে খুবি ও কুয়েটে মানববন্ধন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ড. এ এস এম রেজাউল করিম সিদ্দিকী হত্যার প্রতিবাদে খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) এবং খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষক-শিক্ষার্থীরা মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।
 
রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে এ দুটি বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। এর আগে বিশ্ববিদ্যালয় দুটির শিক্ষক ও শিক্ষার্থীরা কালো ব্যাজ ধারণ করেন।
 
খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির উদ্যোগে ক্যাম্পাসের হাদী চত্বরে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. আহমেদ আহসানুজ্জামান সভাপতিত্ব করেন। এ সময় বক্তব্য রাখেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর ড. মো. সারওয়ার জাহান, প্রফেসর ড. আফরোজা পারভীন, প্রফেসর ড. এটিএম জহির উদ্দিন ও প্রফেসর শেখ মাহমুদুল হাসান।
 
অপরদিকে, একই দাবিতে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) মুক্তিযুদ্ধের ভাস্কর্য ‘দুর্বার বাংলা’র পাদদেশে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. শিবেন্দ্র শেখর শিকদার এতে সভাপতিত্ব করেন। বক্তৃতা করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর, যন্ত্রকৌশল বিভাগের ডীন প্রফেসর ড. তারাপদ ভৌমিক, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর ড. সোবহান মিয়া, রোকেয়া হলের প্রভোস্ট সুহেলী সায়লা আহমদ, অফিসার্স এসোসিয়েশনের সভাপতি জি এম শহিদুল আলম প্রমুখ।