সোমবার শুরু ক্লাব কাপ হকি

ওয়ালটন গ্রুপের পৃষ্ঠপোষকতায় মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে শুরু হচ্ছে ‘মার্সেল ক্লাব কাপ হকি টুর্নামেন্ট-২০১৬। সোমাবর শুরু এই প্রতিযোগিতা চলবে মে মাসের ৯ তারিখ পর্যন্ত।
 
রবিবার মওলানা ভাসানী হকি স্টেডিয়ামের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে একথা জানানো হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের সিনিয়র এডিশনাল ডিরেক্টর এফএম ইকবাল বিন আনোয়ার (ডন), এজিএম মেহরাব হোসেন আসিফ ও বাংলাদেশ হকি ফেডারেশনের কর্মকর্তারা।
 
ইকবাল বিন আনোয়ার (ডন) বলেন, ‘হকির সঙ্গে আগেও ওয়ালটন গ্রুপ সম্পৃক্ত হয়েছে। গেল ফেব্রুয়ারি-মার্চে ওয়ালটনের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত হয়েছে তৃতীয় জাতীয় মহিলা হকি। এবার মার্সেল এর  পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত হতে যাচ্ছে মার্সেল ক্লাব কাপ হকি। আমরা মনে করি মার্সেল ক্লাব কাপ হকির মাধ্যমে খেলোয়াড়রা তাদের পারফরম্যান্সের উন্নতি করতে পারবে। পাশাপাশি দল বদলের মাধ্যমে তারা আর্থিকভাবেও কিছুটা লাভবান হবে। ভবিষ্যতেও ওয়ালটন গ্রুপ হকির পাশে থাকার চেষ্টা করবে। আমি এই প্রতিযোগিতার সার্বিক সাফল্য কামনা করছি।
 
এবারের ক্লাব কাপ হকি টুর্নামেন্টে ৯টি দল অংশ নিতে যাচ্ছে। ৯টি দলকে দুটি গ্রুপে বিভক্ত করে লিগ পদ্ধতিতে খেলা অনুষ্ঠিত হবে। দুটি গ্রুপের শীর্ষ চারটি দল সেমিফাইনাল খেলবে। আর সেমিফাইনালের বিজয়ী দুটি দল ৯ মে শিরোপা নির্ধারণী ফাইনালে অংশ নিবে।
 
চ্যাম্পিয়ন দল ৭০ হাজার টাকা প্রাইজমানি পাবে। আর রানারআপ দল পাবে ৩৫ হাজার টাকা। এ ছাড়া টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা ও সেরা খেলোয়াড়কে মার্সেল এর পক্ষ থেকে হোম অ্যাপ্লায়েন্স দিয়ে উৎসাহিত করা হবে।
 
ক্লাব কাপ হকির ‘ক’গ্রুপে রয়েছে উষা ক্রীড়া চক্র, ঢাকা মেরিনার ইয়াংস ক্লাব, সাধারণ বীমা কেএস ও  এ্যাজাক্স এসসি। ‘খ’ গ্রুপে রয়েছে- আবাহনী এসসি লিমিটেড, মোহামেডান এসসি লিমিটেড, সোনালী ব্যাংক এসআরসি, বাংলাদেশ এসসি ও ওয়ারী ক্লাব।
 
টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান ও ম্যাচ এটিএন বাংলা সরাসরি সম্প্রচার করবে। পাশাপাশি ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানও সরাসরি সম্প্রচার করবে এটিএন বাংলা।