রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষক অধ্যাপক এএফএম রেজাউল করিম সিদ্দিকীকে হত্যার প্রতিবাদে এবং জড়িতদের শাস্তির দাবিতে কর্মসূচি ঘোষণা করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শিক্ষক সমিতি।
রবিবার সমিতির নির্বাহী পরিষদের জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। কর্মসূচির মধ্যে রয়েছে মঙ্গলবার সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত এক ঘন্টা কর্মবিরতি পালন এবং বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে কালো ব্যাচ ধারণ ও মানববন্ধন। একই সঙ্গে ভিসি অধ্যাপক ড. ফারজানা ইসলমের মাধ্যমে স্বরাষ্ট্র ও শিক্ষামন্ত্রীকে স্মারকলিপি প্রদান।
শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক অজিত কুমার মজুমদার ও সাধারণ সম্পাদক বশির আহমেদ বলেন, প্রগতিশীল, মুক্তমনা ও সৃজনশীল গবেষকদের কন্ঠরোধের জন্য অন্ধকারের শক্তি মরিয়া হয়ে উঠেছে। এরই ধারাবাহিকতায় সারাদেশে নিরাপত্তাহীনতার আশঙ্কা তৈরি হয়েছে। আমরা এই জঘন্য হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত খুনিদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।