তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু সুশাসনের জন্য সরকারি কর্মচারিদের ভ্রষ্টাচার পরিহার করে শুদ্ধাচারের মাধ্যমে সততা ও জনসেবকের প্রতীক হিসেবে কাজ করার আহ্বান জানিয়েছেন।
সংবিধান অনুযায়ী জনগণই দেশের মালিক। সরকারি কর্মচারিদের বুঝতে হবে, তারা জনগণের কর্মচারি মাত্র। জনগণকে সেবা দিতে ও গণমাধ্যমকে তথ্য দিতে তৎপর থাকতে হবে। গণতন্ত্র ও গণমাধ্যমের মাঝে সেতুবন্ধন হিসেবে তথ্য মন্ত্রণালয়ের কাজ খুব গুরুত্বপূর্ণ বলে তথ্যমন্ত্রী তার এক বক্তৃতায় উল্লেখ করেছেন।
হাসানুল হক ইনু রবিবার সকালে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে মন্ত্রণালয় আয়োজিত জাতীয় শুদ্ধাচার কৌশল বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় এ আহ্বান জানান।
জবাবদিহিতা, স্বচ্ছতা, সততা ও নৈতিকতানির্ভর জনসেবার ওপর সবচেয়ে বেশি গুরুত্ব আরোপ করে মন্ত্রী বলেন, 'দুর্নীতি, খারাপ ব্যবহার, তথ্য প্রদানে অনীহা, ফাইল আটকে রাখা, আইন অমান্য করা এবং সেবাপ্রার্থীকে অহেতুক অপেক্ষা করিয়ে রাখার মতো অনৈতিক কাজ থেকে সকল স্তরের কর্মচারিদের বিরত রাখার উদ্দেশ্যেই শুদ্ধাচারের প্রবর্তন করেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার।'
অনুষ্ঠানের সভাপতি তথ্য সচিব মরতুজা আহমদ সংসদ বাংলাদেশ টেলিভিশনকে শুদ্ধাচারের একটি প্রকৃষ্ট উদাহরণ উল্লেখ করে বলেন, 'জনগণ নির্বাচিত সংসদ সদস্যদের কাজ জনগণের সামনে তুলে ধরার কাজটি করছে সংসদ বিটিভি। এর প্রতিষ্ঠাই শুদ্ধাচারের একটি বড় পদক্ষেপ।'
এ সময় তথ্য সচিব জাতীয় সম্প্রচার আইন-২০১৬ এর খসড়া তথ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেশের সকলের মতামতের জন্য উন্মুক্ত করে দেয়াকে স্বচ্ছতার নজীর হিসেবে বর্ণনা করে বলেন, 'তথ্য মন্ত্রণালয় স্বচ্ছতায় বিশ্বাসী। মন্ত্রণালয়ের সকল অধিদপ্তর ও সংস্থাকে বছরে অন্তত ষাট ঘন্টা শুদ্ধাচার কৌশল বিষয়ে প্রশিক্ষণের আয়োজন করতে হবে।'