রেজাউল হত্যার নিন্দায় ইইউ ও ফ্রান্স

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজির অধ্যাপক রেজাউল করিম সিদ্দিকী হত্যায় গভীর নিন্দা জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। বাংলাদেশে ইইউ রাষ্ট্রদূত পিয়েরে মায়াদন রবিবার এক বিবৃতিতে অধ্যাপক রেজাউলের পরিবারের প্রতি শোক প্রকাশ ছাড়াও বর্বরোচিত এই হত্যাকাণ্ডের তদন্ত করে ঘাতকদের বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির আহ্বান জানান। 
 
বিবৃতিতে তিনি বলেন, শিক্ষাবিদ ও বুদ্ধিজীবীদের হত্যার মধ্য দিয়ে সামগ্রিকভাবে সমাজের বড় ক্ষতি হয়। এই বীভত্স হত্যার প্রতিবাদে ছাত্র সমাজ মাঠে নেমেছে, এটা স্বস্তির।
 
এদিকে ফরাসি রাষ্ট্রদূত সোফি অবার্ট অপর এক বিবৃতিতে অধ্যাপক রেজাউল করিম হত্যাকাণ্ডের কঠোর প্রতিবাদ জানান। তিনি বলেন, এই হত্যাকাণ্ড বুদ্ধিবৃত্তি, সংস্কৃতি ও উদার মনের ওপর সরাসরি আঘাত। অধ্যাপক রেজাউল এসব গুণাবলীর অধিকারী ছিলেন। ফরাসি রাষ্ট্রদূত এই হত্যাকাণ্ডের দ্রুত তদন্ত করে দুষ্কৃতকারীদের শাস্তি দাবি করেন।