বস্তির শিশুদের জন্য মুশফিকের ব্যাটিং

ঢাকার বস্তির শিশুদের জন্য প্রতিষ্ঠিতি একটি বিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে পিকনিকে অংশ নিয়েছেন বাংলাদেশের উইকেটকিপার ব্যাটসম্যান মুশফিকুর রহিম। চয়েস টু চেঞ্জ (সিটুসি) নামের এই স্কুলের প্রতিষ্ঠাতা ইত্তিহাদ এয়ার এর স্লোভাকিয়ান কেভিন ক্রু সদস্য ইভা কারনোভা।
 
ছয় বছর আগে স্লোভাকিয়ান এই নারী বাংলাদেশে যাত্রা বিরতির সময়ে ঢাকার বস্তি ঘুরে দেখার পরে সুবিধাবঞ্চিক শিশুদের জন্য একটি বিদ্যালয় প্রতিষ্ঠার প্রত্যয় গ্রহণ করেন। বস্তির শিশুদের স্বপ্ন গড়ে দেয়ার সেই প্রত্যয়ে বন্ধু সুনীল বারোই এর সঙ্গে যৌথভাবে ২৫ জন শিশু নিয়ে একটি ভঙ্গুর বিদ্যালয়ে চয়েস টু চেঞ্জ প্রতিষ্ঠা করেন। ইংরেজি মাধ্যমে এই বিদ্যালয়ে শিক্ষা প্রদান করা হয়।
 
বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা কারনোভা বলেন, মুশফিকের সঙ্গে আমাদের পরিচয় হুট করেই এক পারিবারিক বন্ধুর মাধ্যমে। মুশফিক আমাদের প্রস্তাবে রাজি হওয়ায় আমরা ও বিদ্যালয়ের শিশুরা চমৎকৃত হয়েছিলাম। আমাদের সঙ্গে মুশফিকের কোনো আনুষ্ঠানিক সম্পর্ক নেই, তবে গত সপ্তাহে চয়েস টু চেঞ্জ এর বাৎসরিক পিকনিকে মুশফিকের উপস্থিতি শিশুদের অনেক অনুপ্রাণিত করেছে। তার উপস্থিতি শিশু ও স্টাফদের জন্য সারাজীবন মনে রাখার মতো কিছু স্মৃতি উপহার দিয়েছে। এপ্রিলের ১৫ তারিখ নিজের ফেসবুক পেজ থেকে দেয়া একটি পোস্টে মুশফিক লিখেছিলেন, শিশুদের সঙ্গে জাতীয় চিড়িয়াখানায় দারুণ কিছু সময় কাটালাম। আমাকে আমন্ত্রণ করায় চয়েস টু চেঞ্জ ফাউন্ডেশনকে ধন্যবাদ। 
 
 
এই বছরে প্রথমবারের মতো পিএসসি পরীক্ষায় অবতীর্ণ হবে চয়েস টু চেঞ্জ এর শিক্ষার্থীরা। এখন পর্যন্ত সরকারি শিক্ষা প্রতিষ্ঠান থেকে দুটি জায়গায় এগিয়ে চয়েস টু চেঞ্জ। এখানে ঝরে পড়ার হার পাঁচ শতাংশেরও কম যেটা জাতীয় পর্যায়ে ২৫ শতাংশেরও বেশি। চয়েস টু চেঞ্জ বিদ্যালয়টি বাংলাদেশে এনজিও হিসেবে নিবন্ধিত এবং এখন একটি যুক্তরাজ্যভিত্তিক দাতব্য সংস্থা হিসেবে নিবন্ধন পাওয়ার চেষ্টা করছে যাতে এটি আরো আর্থিক সাহায্য সংগ্রহ করতে পারে।