ছবিতে দেখা গেল ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং মিষ্টি খাওয়াচ্ছেন সিপিএম সর্বভারতীয় সম্পাদক প্রকাশ কারাতকে। আর সেই ছবি দেখিয়ে বিজেপি-সিপিএমের গোপন আঁতাতের অভিযোগ এনে গত শনিবার সংবাদ সম্মেলন করলেন তৃণমূলের মুখপাত্র ডেরেক ও’ ব্রায়েন এমপি।
কয়েক ঘণ্টার মধ্যে আসল ছবি প্রকাশ করে বিজেপি জানালো ওই ছবি জাল। রাজনাথ সিং ২০১৩ সালের ১৩ সেপ্টেম্বর মিষ্টি খাওয়াচ্ছিলেন সেই সময় বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদিকে। নরেন্দ্র মোদির ছবি জাল করে সিপিএম নেতা প্রকাশ কারাতের ছবি বসানো হয়েছে।
বিপদে পড়ে তৃণমূল টুইট করে জানায় ছবিটি জাল। ছবিটি ফটোশপ করা বুঝতে পেরে সেটি তাদের ওয়েবসাইট থেকে সরিয়ে ফেলে বলা হলো, এর জন্য আমরা ক্ষমাপ্রার্থী।
ছবি জালের ঘটনায় গত রবিবার দিল্লিতে তৃণমূল সাংসদ ডেরেক ও’ ব্রায়েনের বিরুদ্ধে মন্দির মার্গ থানায় অভিযোগ দায়ের করলেন সিপিএম নেতা প্রকাশ কারাত। এদিকে কলকাতা পুলিশের প্রধান দপ্তরে সাইবারক্রাইম শাখায় ডেরেক এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সুব্রত বক্সির বিরুদ্ধে অভিযোগ জানিয়েছে বিজেপি।
দিল্লিতে অভিযোগ জানিয়ে অবিলম্বে ডেরেক ও’ ব্রায়েনের গ্রেপ্তারের দাবি তুলেছে সিপিএম। বিজেপিও একই দাবি জানিয়েছে। ডেরেকের বিরুদ্ধে দিল্লি পুলিশের সাইবার ক্রাইম শাখায় অভিযোগ জানিয়ে প্রকাশ কারাত বলেছেন, ফটোশপের কারসাজি করে রাজনাথ সিংয়ের সঙ্গে তার ছবি দেখিয়ে সিপিএমকে বদনাম করার চেষ্টা করা হয়েছে তৃণমূলের পক্ষ থেকে। এটা রাজনৈতিক মানহানি। তাই আইনের সংশ্লিষ্ট ধারায় ডেরেক ও’ ব্রায়েনের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেয়া হোক।
কলকাতায় বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুও ডেরেকের গ্রেপ্তারের দাবি তুলেছেন। বলেন, অতীতে মুখ্যমন্ত্রী কার্টুন ফেসবুকে ছড়ানোর অপরাধে গ্রেপ্তার করা হয়েছিল অধ্যাপক অম্বিকেশ মহাপাত্রকে। একই কাজ করার পর ডেরেককে কেন গ্রেপ্তার করা হচ্ছে না। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উচিত অবিলম্বে ডেরেক ও’ ব্রায়েনকে গ্রেপ্তারের নির্দেশ দেয়া।
কলকাতায় বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার বলেছেন, অসত্ উদ্দেশ্যে তৃণমূল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি জাল করেছে। ডেরেক ও’ ব্রায়েন গত শনিবার সাংবাদিক বৈঠকে বলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে তিনি সাংবাদিক বৈঠক করেছেন। তাই মমতা ব্যানার্জির বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া উচিত। পুলিশ সূত্রে জানা গেছে, অভিযোগ প্রমাণিত হলে ৩ বছরের জেল হতে পারে তৃণমূল সাংসদ ডেরেকের।