আশার চেয়েও বেশি দামে বিক্রি হলো ব্রিটিশ রাণী দ্বিতীয় এলিজাবেথের প্রেমের চিঠি। মাত্র কয়েকদিন আগেই ব্রিটিশ রাণীর ৯০ তম জন্মদিন পালিত হলো। তবে ৯০ বছর পার হলেও তার আগের জীবন তো আর নি:শেষ হয়ে যায়নি।
তার জীবনেও প্রেম-ভালবাসা ছিল। কিন্তু তার প্রেমের অভিজ্ঞতা কেমন ছিল তা জানা যেতে তার ওই সময়ের চিঠি থেকে। প্রিন্স ফিলিপের সঙ্গে বিয়ের আগে তাদের প্রেমের কাহিনী সবার কাছেই আকর্ষণীয় মনে হবে। এবার হয়তো সেটা জানাও যাবে। আর তা জানার জন্য নিলামে চিঠিগুলো কেনার জন্য হুলস্থূল পড়ে যায়।
২১ বছর বয়সী রাণীর প্রিন্স ফিলিপের সঙ্গে দেখা এবং প্রেমে পড়া সম্পর্কে জানা যাবে এই চিঠিতে। ব্রিটেনের একটি নিলাম হাউস চিঠিগুলো নিলামে তোলে। অথচ কর্তৃপক্ষ মনে করেছিল, সর্বোচ্চ ৮০০ পাউন্ড থেকে ১২০০ পাউন্ড বিক্রি হতে পারে। কিন্তু রাণীর প্রেম বলে কথা! তা জানতে কি অর্থের মায়া করলে চলে? তাই চিঠিগুলো ১৪ হাজার ৪০০ পাউন্ডে বিক্রি হয়।
দুই পাতার চিঠি লেখা হয় ১৯৪৭ সালে। ওই বছরের নভেম্বরে প্রিন্স ফিলিপের সঙ্গে বিয়ে হয় প্রিন্সেস এলিজাবেথের। তিনি তার বিয়ে নিয়ে স্মারক বই লেখার জন্য বেটি শিউ নামের একজনকে এই চিঠি লিখে দেন। চিঠিতে লন্ডনের কোয়াগলিনো, কায়রোর নাইট ক্লাবে তাদের রোমান্স জীবন কেমন কেটেছিল তা আছে।
১৯৩৯ সালে ডার্টমাউথে রয়্যাল নেভাল কলেজে প্রিন্স ফিলিপের সঙ্গে তার সাক্ষাত্ হয়। এর আগেও আমরা হয়তো দেখা করতে পারি। কিন্তু স্মরণ করতে পারছি না - চিঠিতে লেখেন রাণী। এছাড়া চিঠিতে দ্রুততম গাড়ির প্রতি তার দুর্বলতার কথাও উঠে এসেছে। ওয়েলসের সোনা দিয়ে তৈরি বিয়ের আংটি পাওয়ার আকাঙ্খার কথাও আছে সেই চিঠিতে।
চিপেনহ্যাম অকশন রুমের কর্মকর্তা রিচার্ড এডমন্ডস বলেন, গুরুত্বপূর্ণ ওই তথ্য-উপাত্ত বিক্রি করাটা সম্মানের বিষয়। বিশেষ করে যখন রাণীর ৯০তম জন্মদিন পালন করছে গোটা দেশ। -বিবিসি ও টেলিগ্রাফ