সিরিয়ায় ২৫০ সেনা পাঠাবে যুক্তরাষ্ট্র

সিরিয়ায় আরো ২৫০ সেনা পাঠানোর পরিকল্পনা নিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। তবে, এই সেনারা কোনো সম্মুখযুদ্ধে অংশ নেবে না। মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে লড়তে স্থানীয় সেনাদের প্রশিক্ষণ দেবে এই মার্কিন সেনারা। 
 
সম্প্রতি যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা এই তথ্য জানিয়েছে। সোমবার জার্মানির হ্যানোভাবে সিরিয়া এবং পররাষ্ট্র নীতি নিয়ে যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স ও ইতালির আলোচনায় বসার কথা। ইউরোপ সফররত মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা আলোচনায় অংশ নেবেন। ওই সময় সিরিয়ায় সেনা পাঠানোর ঘোষণা দেওয়া হতে পারে।
 
মার্কিন কর্মকর্তারা বিবিসিকে বলেন, সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে কুর্দি যোদ্ধাদের সঙ্গে আরো আরব কুর্দিদের যুক্ত করাই তাঁদের লক্ষ্য। নতুন সেনাদের নিয়ে সিরিয়ায় সম্মুখযুদ্ধে অংশ না নেওয়া মার্কিন সেনার সংখ্যা হবে ৩০০। এর আগে বিবিসির এক সাক্ষাৎকারে সিরিয়ায় সম্মুখযুদ্ধের জন্য সেনা পাঠানোর বিষয়টি নাকচ করে দেন ওবামা। তিনি বলেন, শুধু যুদ্ধে অংশ নিতে সেনা পাঠিয়ে সিরিয়ার জটিলতা ও হৃদয়বিদারক অবস্থার কোনো পরিবর্তন আনা সম্ভব নয়।
 
এএফপি জানিয়েছে, নতুন করে পাঠানো মার্কিন সেনাদের অধিকাংশ হবে বিশেষ বাহিনীর। এই সেনাদের মধ্যে চিকিৎসা সেবা এবং অন্যান্য সহায়তা দেওয়ার সদস্যও থাকবে। এর আগে গতকাল রোববার মার্কিন প্রেসিডেন্ট বলেন, সিরিয়া সহিংস পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্র। আর দেশটির বিদ্রোহীরা দাবি করছে, সরকার যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মাধ্যমে হওয়া চুক্তি ভঙ্গ করেছে। বিবিসি।