ঢাকা-আরিচা মহাসড়কে অবরোধ ও বিক্ষোভ

 
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থী সোহাগী জাহান তনু ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রেজাউল করিম সিদ্দিকীর খুনি শনাক্ত করে গ্রেফতারের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে এক ঘণ্টা বিক্ষোভ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
 
আশুলিয়া থানার ওসি মহসিনুল কাদির জানান, সোমবার সকাল ৬টা থেকে শিক্ষার্থীরা বেশ কয়েক দফা মহাসড়কে বিক্ষোভ মিছিল করে।
 
শিক্ষার্থীদের মহাসড়ক থেকে সরিয়ে দেয়ার পর সকাল ৯টার দিকে যান চলাচল শুরু হলেও এক ঘণ্টার অবরোধে ঢাকা-আরিচা মহাসড়কে যানবাহনের দীর্ঘ জট তৈরি হয়েছে।
 
কিছু শিক্ষার্থী আগুন জ্বালিয়ে অবরোধ করে গাড়ি ভাংচুরের চেষ্টা করে । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে। এ সময় অন্তত পাঁচজন আহত হন। ঘটনাস্থল থেকে আটজনকে আটক করা হয় বলে ওসি জানান। তবে ছাত্র ইউনিয়নের সাত নেতাকর্মীসহ ১৪ জনকে পুলিশ আটক করেছে বলে শিক্ষার্থীদের দাবি।
 
শিক্ষার্থীরা ক্যাম্পসের ভেতরে মিছিল ও সমাবেশ করছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।