তনুসহ অব্যাহত গুম-খুন-ধর্ষণ ও বিচারহীনতার প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা প্রগতিশীল ছাত্রজোটের নেতা-কর্মীরা হরতাল কর্মসূচি পালন করেছে।
সোমবার সকাল সাড়ে আটটা থেকে সাড়ে নয়টা পর্যন্ত প্রগতিশীল ছাত্রজোট সাম্রাজ্যবাদবিরোধী ছাত্র ঐক্যের অর্ধদিবস হরতালের আহ্বানে তারা রাবি প্রধান ফটকের সামনে রাজশাহী-ঢাকা মহাসড়ক অবরোধ করে।
এদিকে রাবির ইংরেজি বিভাগের শিক্ষক অধ্যাপক ড. এএফএম রেজাউল করিম সিদ্দিকী হত্যার ঘটনায় দুই দিনব্যাপী কর্মসূচির শেষদিন সোমবার ক্লাস-পরীক্ষা বর্জন করে ছাত্রজোটের নেতা-কর্মীরা।
রাবি শাখা ছাত্র ইউনিয়নের সভাপতি মিনহাজুল আবেদিন জানান, হরতালের সমর্থনে ছাত্রজোটের নেতা-কর্মীরা সকাল ছয়টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে অবস্থান নেয়। কর্মসূচি সফল করতে তারা সাড়ে আটটা থেকে সাড়ে নয়টা পর্যন্ত ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে। এ সময় সব ধরনের যান চলাচল বন্ধ ছিল।