টেকনাফে পাচারকালে স্বর্ণসহ আটক ১

কক্সবাজারের টেকনাফ উপজেলায় পাচারকালে ১০টি চোরাই স্বর্ণ বারসহ মো. ইদ্রিস (৩০) নামে এক পাচারকারীকে আটক করেছে (বিজিবি) বর্ডার গার্ড বাংলাদেশ। তিনি সাবরাং ইউনিয়নের উত্তর নয়াপাড়া গ্রামের বাসিন্দা খুইল্ল্যা মিয়ার ছেলে।
 
সোমবার দমদমিয়া চেকপোস্টে স্বর্ণসহ তাকে আটক করা হয়। এসব স্বর্ণবারের ওজন  পৌনে দুই কেজি।
 
বিজিবি জানায়, সোমবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে দমদমিয়া চেকপোস্টে কক্সবাজারগামী একটি বাসে অভিযান চালানো হয়। এ সময়  মো. ইদ্রিসের দেহ তল্লাশি চালিয়ে এসব স্বর্ণবার জব্দ করা হয়।
 
টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়ানের অধিনায়ক লে. কর্নেল আবুজার আল জাহিদ তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।