বার্সেলোনা ওপেনের শিরোপা জিতে নাদালের রেকর্ড

বর্তমান চ্যাম্পিয়ন কেই নিশিকোরিকে পরাজিত করে বার্সেলোনা ওপেনের শিরোপা জিতেছেন রাফায়েল নাদাল। রবিবার ফাইনালে ৬-৪, ৭-৫ গেমের সরাসরি সেটের এই জয়ে আর্জেন্টাইন কিংবদন্তি গুইলারমো ভিয়াসের সাথে রেকর্ড ৪৯ ক্লে কোর্ট শিরোপার মালিক এখন নাদাল। 
 
গত সপ্তাহে মন্টে কার্লো মাস্টার্স শিরোপার পরে ইউরোপিয়ান ক্লে কোর্ট মৌসুমে এটা এখন নাদালের টানা ১০ ম্যাচে জয়। আর এরই ধারাবাহিকতা জুনে ফ্রেঞ্চ ওপেনেও বজায় রাখতে আত্মবিশ্বাসী এই স্প্যানিশ তারকা। নাদালের সাফল্যের দিনে অবশ্য নিশিকোরির বার্সেলোনায় ১৪ ম্যাচে জয়ের রেকর্ড অবশেষে ভেঙ্গেছে। জাপানিজ এই শীর্ষ বাছাই অবশ্য ফাইনালে বেশ কয়েকটি ব্রেক পয়েন্টে সুযোগ নষ্ট করেছেন। 
 
ম্যাচ শেষে নাদাল বলেছেন, ‘আমি মনে করি আজ আমার সার্ভিস বেশ ভাল হয়েছে যা সত্যিই গুরুত্বপূর্ণ। মূল কথা হচ্ছে আজ প্রথম সার্ভিস ভাল করার প্রবণতা বেশী ছিল, সে কারণেই আমি পুরো ম্যাচে ভাল খেলেছি। দ্বিতীয় সেটে বেশ কয়েকটি সহজ সুযোগ নষ্ট করেছি। কিন্তু শেষ পর্যন্ত মানসিক ভাবে দৃঢ় থেকে জিততে পেরে আমি দারুণ খুশী।
 
গত দুই মৌসুমে অপ্রতিরোধ্য নিশিকোরি বলেছেন এখানে তিনটি বছর আমার দারুণ কেটেছে, যদিও আজ আমি হেরে গেছি। এখানে খেলতে পেরে আমি বেশ স্বস্তি অনুভব করি। প্রতি বছরই এখানে খেলার জন্য মুখিয়ে থাকি। আশা করছি আগামী বছরও ভাল কিছু করতে পারবো।