৪ শিশু হত্যা: চার্জশিট গ্রহণ করেনি আদালত

 
হবিগঞ্জের বাহুবলে চার শিশু হত্যা মামলার চার্জশিট প্রহণ করেনি আদালত। আগামী ১০ মে চার্জশিট প্রদানের পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়। সোমবার দুপুরে হবিগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম শামসাদ বেগম এই নির্দেশ দেন।
 
বাদীপক্ষের আইনজীবী ত্রিলোক কান্তি চৌধুরী বিজন জানান, শুনানিকালে বিচারক মামলার মূল নথি দেখতে না পেয়ে তা আদালতে দাখিল করতে বলেন। কোর্ট ইন্সপেক্টর মূল নথি আসামিদের জামিন শুনানির জন্য জেলা জজ আদালতে রয়েছে বলে জানালে বিচারক পরবর্তী তারিখে মূল নথিসহ চার্জশিট আদালতে দাখিল করার আদেশ দেন।
 
গত ১২ ফেব্রুয়ারি বিকেলে চার শিশু নিখোঁজ হয়। নিখোঁজের পাঁচদিন পর মাটিতে পুঁতে রাখা অবস্থায় তাদের লাশ উদ্ধার করে পুলিশ।
 
গত ৫ এপ্রিল হবিগঞ্জ গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তাদির হোসেন চার শিশু হত্যার ঘটনায় আটজনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেছিলেন।